২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে শ্বাসরুদ্ধকর জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ড

মূল্যবান পয়েন্ট হারানোর পাশাপাশি আর্থিক জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের।

লর্ডসে শ্বাসরুদ্ধকর জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ড
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ভারতের শেষের বাধা উপড়ে রোমাঞ্চকর জয় পেলেও, পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না ইংল্যান্ডের। মন্থর ওভার রেটের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি পয়েন্ট কেটে নেওয়া হলো বেন স্টোকসের দলের।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ডের পয়েন্ট কর্তনের খবর জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। দুই পয়েন্ট হারিয়ে এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। 

লর্ডসে সোমবার শেষ হওয়া ম্যাচে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। এর সৌজন্যে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে তাদের নামের পাশে ছিল ২৪ পয়েন্ট (৬৬.৬৭ শতাংশ)। 

দুদিন পর আইসিসি জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। তাই নিয়ম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কেটে নেওয়া হয় তাদের দুই পয়েন্ট। তাই এখন ইংল্যান্ডের ঝুলিতে আছে ২২ পয়েন্ট (৬১.১১ শতাংশ)।

পয়েন্ট কাটার আগে ৬৬.৬৭ শতাংশ নিয়ে দুই নম্বরে ছিল ইংল্যান্ড। এখন তারা নেমে গেছে তিন নম্বরে। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। 

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেওয়া হয়। তাই পয়েন্ট হারানোর পাশাপাশি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। 

মাঠের আম্পায়ার পল রাইফেল ও শরফুদ্দৌল্লা ইবনে শহীদের সঙ্গে টিভি আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েডের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। 

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরেও মন্থর ওভাররেট ছিল ইংল্যান্ডের মাথা ব্যথার বড় কারণ। সেবার অ্যাশেজ সিরিজে চার ম্যাচে ১৯ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩ পয়েন্ট কাটা যায়। যে কারণে ফাইনাল খেলার সম্ভাব্য সুযোগ হারায় দলটি। 

ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২৩ জুলাই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।