Published : 02 Oct 2025, 11:57 AM
নিলামের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। ছয় অঙ্কের ভিত্তিমূল্য ছিল একমাত্র যে তারই! নিলামের পরও আলোচনার কেন্দ্রে তিনিই। তবে এবার কারণটা ভিন্ন ধরনের। ভারতের অফ স্পিনিং গ্রেট নিলামে কোনো দলই পাননি!
আইএল টি-টোয়েন্টির তিনটি আসর হয়ে গেলেও প্রথম নিলাম হলো এবারই। আগে কেবল সরাসরি চুক্তিই ছিল। প্রথম নিলামে বুধবার দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় চমক আন্দ্রে ফ্লেচার। নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার অভিজ্ঞ এই ক্যারিবিয়ান কিপার-ব্যাটার। ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্রিকেটারকে ২ লাখ ৬০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস।
টুর্নামেন্টের আগের তিন আসরে এই দলেই খেলেছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। এই দলে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। নিলামে তাকে ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চমকের তালিকায় অবশ্য ফ্লেচারের চেয়েও একদিক থেকে বড় বলা যায় স্কট কুরিকে। ইংল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে খেলা পেসারের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে কখনই না খেলা পেসারকে আড়াই লাখ ডলারে নিয়েছে দুবাই ক্যাপিটালস। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৪ বছর বয়সী পেসার।
দুবাই ক্যাপিটালসে কুরি সতীর্থ হিসেবে পাবেন মুস্তাফিজুর রহমানকে। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে নিলামের আগেই বাংলাদেশের পেসারকে নিয়েছে দলটি।
নিলামে কাড়াকাড়ি ছিল সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকিকে নিয়েও। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের পেসারকে ১ লাখ ৭০ হাজার ডলারে দলে পায় গালফ জায়ান্টস। তবে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে তাকে দলে ধরে রাখে শারজাহ ওয়ারিয়র্জ।
১১১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরাতের সফলতম এই পেসার সম্প্রতি এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন। পাকিস্তান ও ওমানের বিপক্ষে চারটি করে উইকেট নেন ৩২ বছর বয়সী পেসার, ভারতের বিপক্ষে একটি।
আমিরাতেরই তরুণ পেসার মুহাম্মাদ রোহিদকে ১ লাখ ৪০ হাজার ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস। আমিরাতের ক্রিকেটের জন্য যা বড় খবর। এই একই দল ১ লাখ ডলারে নিয়েছে আফগান পেসার নাভিন-উল হাককে।
১ লাখ ৭০ হাজার ডলারে ইংলিশ স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসনকে পেয়েছে গালফ জায়ান্টস।
নিলামে সবচেয়ে কৌতূহল জাগানো পদক্ষেপ ছিল ডেজার্ট ভাইপার্সের। পাকিস্তান ক্রিকেট বোর্ড কদিন আগেই জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে দেওয়া হবে না। তার পরও ফ্র্যাঞ্চাইজিটি নিলাম থেকে নিয়েছে তিন পাকিস্তানি ক্রিকেটারকে। ফাখার জামান ও নাসিম শাহকে নিয়েছে তারা ৮০ হাজার ডলার করে, আগ্রাসী ব্যাটসম্যান হাসান নাওয়াজকে ৪০ হাজার ডলারে।
আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি হবে এবারের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএল টি-টোয়েন্টি।