২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ শিরোপা জয়ী দলকে সম্মাননা দেবে বিসিসিআই

সাম্প্রতিক সময়ে ট্রফি জেতা ভারতীয় ছেলে ও মেয়েদের ক্রিকেটের জাতীয় দল ও যুব দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের সম্মাননা দেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

জাতীয় দল কিংবা যুব দল, নারী অথবা পুরুষ ক্রিকেট; গত এক বছরে আইসিসির সবগুলো প্রতিযোগিতায় বাজিমাত করেছে ভারত। সবমিলিয়ে এই সময়ে পাঁচটি শিরোপা জিতেছে তারা। এই পাঁচ দলকেই সম্মাননা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

দিল্লিতে আগামী রোববার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেখানে সাম্প্রতিক সময়ে ট্রফি জেতা ছেলে ও মেয়েদের ক্রিকেটের জাতীয় দল ও যুব দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের সম্মাননা দেওয়া হবে।

গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও ঘরে তুলেছে তারা। বছরের শেষ দিকে প্রথমবারের মতো স্বাদ পেয়েছে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শিরোপার। আর গত মাসে তারা জিতেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।

গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা জেতে সুরিয়াকুমার ইয়াদাভের দল। আহমেদাবাদের ফাইনালে নিউ জিল্যান্ডকে উড়িয়ে দেয় তারা। ২৫৫ রানের পুঁজি গড়ে কিউইদের ১৫৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

আইএএনএস-কে মঙ্গলবার ভারতীয় বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া বলেন, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচ দলকে আমন্ত্রণ করবেন তারা।

“নয়াদিল্লিতে আগামী ১৫ মার্চ বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলসহ সব আইসিসি টুর্নামেন্ট বিজয়ীদের এবং তাদের কোচদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছি। এর মধ্যে সিনিয়র পুরুষ ও নারী দল, অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের দলও রয়েছে, যারা প্রত্যেকেই ২০২৫ সালে ট্রফি জিতেছে।”

“২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে। গত এক বছরে বিভিন্ন ভারতীয় দলের জেতা পাঁচটি আইসিসি শিরোপা জয় উদযাপনের মাধ্যমে রাতটি স্মরণীয় হয়ে উঠবে।”