শুরুর সঙ্গীদের আয়নায় মুশফিক
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম, এই দীর্ঘ পথচলায় ফিরে তাকিয়েছেন ২০ বছর আগে তার অভিষক টেস্টের সতীর্থরা।
সময়টা ২০০৫ সাল। বয়স তখন সবে ১৮ পূর্ণ হয়েছে। লর্ডসের ঐতিহাসিক লং রুমে পদচিহ্ন এঁকে দিয়ে যখন সবুজ ঘাসে পা রাখছেন মুশফিকুর রহিম, তখন তিনি সম্ভাবনাময় এক তরুণ। কুড়ি বছর বাদে বুধবার যখন শের-ই-বাংলা ড্রেসিংরুম থেকে বেরোবেন, তিনি নিজেই তখন এক ইতিহাস। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব তার সঙ্গী।
তার এই পথচলার সঙ্গী মাথার রঙ জ্বলে যাওয়া আভিজাত্যের টুপিটা, স্বাক্ষী অগণিত কাকডাকা ভোর, শিশিরভেজা হোম অব ক্রিকেটের প্রতিটি ঘাস আর মুশফিক নিজেই।
স্বাক্ষী তার শুরুর সময়ের সঙ্গীরাও। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার, সঙ্গে জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, আনোয়ার হোসেন মনির ও শাহাদাত হোসেন, সবাই এখন সাবেক। আছেন শুধুই মুশফিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চেষ্টা করেছে পুরো পথচলায় ফিরে তাকাতে। ২০০৫ সালের ২৬ মে দিনটিতে মুশফিকের প্রথম স্ট্রোক, সত্যিকারের ক্রিকেটের প্রথম স্বাদ, রস আর চোখরাঙানি থেকে শুরু ২০ বছরের পথচলায় নানা অর্জন-প্রাপ্তি, সব কিছুতেই ফুটে উঠেছে তার অভিষেক টেস্টের সতীর্থদের স্মৃতির আয়নায়।
হাবিবুল বাশার
“মুশফিক অনেক দূর এসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ও যখন দলে ঢুকল, তখন একদমই কম বয়স, ছোটখাটো গড়নের এক বাচ্চা ছেলে। আমাদের সঙ্গে অভিষেকে যোগ দেওয়ার আগ পর্যন্ত ওকে তেমন দেখাই হয়নি। দলে আসার পরই ঠিকমতো বুঝলাম, ও আসলে কী ধরনের খেলোয়াড়।”
“আমরা প্রথম দিন থেকেই একটা জিনিস নিয়ে কথা বলতাম, ছেলেটা টেকনিক্যালি ভালো। ব্যাটিং টেকনিক খুব পরিষ্কার। মনোযোগী ও পরিশ্রমী। খেলার প্রতি ওর আগ্রহ এতটাই ছিল যে শুরু থেকেই সেটা চোখে পড়ত। আজ যে ও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছে, এর কৃতিত্ব ওকেই দিতে হবে। আমার মনে হয়েছে, সময় যত গেছে, ওর পরিশ্রম আরও বেড়েছে। অন্যরা যেখানে বছরের পর বছর খেলার সময় একটা পর্যায়ে ফিটনেস বা মনোযোগে ঢিল দেয়, মুশফিক উল্টো পথ ধরেছে। একাগ্রতা, শৃঙ্খলা, ত্যাগ, কঠোর পরিশ্রম সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে আরও তীক্ষ্ণ হয়েছে।”
“ছেলেবেলা থেকেই মুশফিক ছিল লাজুক স্বভাবের। আমরা যারা সিনিয়র, মাঝেমধ্যে ইচ্ছে করেই দুষ্টুমি করতাম, যাতে ও সহজ হতে পারে। আমরা শয়তানি করলেই লজ্জায় লাল হয়ে যেত ও। ওকে স্বাচ্ছন্দ্যে রাখতে আমরা সবাই চেষ্টা করেছি। কিন্তু ও শুরুতে খুব টেনশনে থাকত, আর টেনশন থাকলেই ভুল বেশি হয়। সেই চাপ কমানোর জন্যই আমরা তাকে হালকা পরিবেশ দেওয়ার চেষ্টা করতাম।”
“নিশ্চিতভাবে মুশফিকের শততম টেস্ট খেলা কোনো ছোটখাটো ব্যাপার নয়। একশো টেস্ট যারা খেলেছে, তাদের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন তারা কারা খেলেছে। সবাই কিংবদন্তি। আর আমাদের দেশে টেস্ট ম্যাচ খেলা তো কঠিন ব্যাপার কারণ আমরা শুরুতে বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতাম না। আমরা তো আসলে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো এত টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থায় ছিলাম না।”
“সেখান থেকে এত দিন ধরে খেলে এই পর্যন্ত আসার জন্য আমি মুশফিককে স্যালুট জানাই। খুবই কঠিন কাজ। এতদিন ধরে ফিট থাকা। পারফর্ম করা। আমাদের মতো দেশের জন্য এটা অনেক কঠিন। সেটা ওর মাধ্যমে হতে যাচ্ছে দারুণ ব্যাপার। ও আমাদের সবার জন্য একটা উদাহরণ তৈরি করল যে ত্যাগ, পরিশ্রম, পারফর্ম করলে দীর্ঘদিন ক্রিকেট খেলা যায়। নতুন যারা উঠে আসছে, তাদের জন্য মুশফিক একটা উদাহরণ। তার মতো হওয়া সহজ ব্যাপার না। সবকিছু ছেড়ে ক্রিকেটের পেছনে লেগে থাকাটা এটা সহজ ব্যাপার না।”
“ও যতদিন খেলতে ভালোবাসে, ততদিনই খেলুক। এটা পুরোপুরি ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। খেলার চাপ তো থাকবেই। প্রথম দিন যেমন ছিল, আজও আছে। একসময় এসে চাপটা নিতে বিরক্তি লাগে, আর সেখানেই বড় ক্রিকেটারদের সঙ্গে বাকিদের পার্থক্য তৈরি হয়। আমার ধারণা, মুশফিক যতদিন খেলাটা উপভোগ করবে, ততদিন খেলা চালিয়ে যেতে পারবে।”
জাভেদ ওমর বেলিম
“মুশফিক সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। প্রথম দিন থেকেই ওর ভেতরের আগ্রহ, মনোযোগ আর শেখার ক্ষুধা দেখেছি। বয়সে ছোট ছিল, কিন্তু পরিপক্কতার দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে। নিজের খেলা নিয়ে ওর যে দায়বদ্ধতা—বাংলাদেশের খুব কম খেলোয়াড়ের মধ্যে এমনটা দেখেছি।”
“মুশফিককে বছরের পর বছর একই রকম নিবেদিত থাকতে দেখেছি। কেউ তাকে ঠেলে দেয়নি; ও নিজেই নিজেকে প্রতিদিন আরও কঠিন পরীক্ষায় ফেলেছে। ব্যাটিং, ফিটনেস, কিপিং যা-ই করুক, সেরাটা দেওয়ার জন্য লড়াই করেছে। এ কারণেই আজ সে শততম টেস্টে দাঁড়িয়ে।”
“বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিকতা খুব কম দেখা যায়। কিন্তু মুশফিক সেই বিরল উদাহরণ—যে শুধু টিকে নেই, বরং মান বাড়িয়ে গেছে। দলের ভরসার নাম হয়ে উঠতে গেলে যা লাগে, মুশফিকের মধ্যে সবই আছে—ধৈর্য, দৃঢ়তা, শৃঙ্খলা আর জয়ের প্রতি ক্ষুধা। যারা জাতীয় দলে খেলতে চায়, তাদের সামনে মুশফিকের পথটাই বড় উদাহরণ। প্রতিভা থাকলেও শৃঙ্খলা আর নিবেদন ছাড়া এই উচ্চতায় পৌঁছানো যায় না। মুশফিক সেটা নিজের জীবনে প্রমাণ করেছে। এমন একজন ক্রিকেটারকে শততম টেস্টে নামতে দেখাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত।”
“ওর শততম টেস্ট শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের ইতিহাসেরও একটি মাইলফলক। আমরা চাই বোর্ড দারুণ স্মরনীয় করে রাখুক মুশফিকের শততম টেস্ট ম্যাচটাকে।”
নাফিস ইকবাল
“মুশফিক নিঃসন্দেহে অসাধারণ একজন ক্রিকেটার। খুবই গুছানো একটা ছেলে। তামিমের সঙ্গেই অনূর্ধ্ব-১৯ দলে খেলত। সেখান থেকেই কিছুটা পরিচয় ছিল। তখন থেকেই দেখেছি, খুবই পরিশ্রম করে। এরপর তো ওর সঙ্গে আমার লর্ডসে খেলা হলো। ওর শৃঙ্খল জীবন, দায়িত্ববোধ, আর শেখার ক্ষুধা সেই সময় থেকেই আলাদা করে চোখে পড়ত। মুশফিকের ক্রিকেট-বোধ নিয়ে কখনও কোনো সন্দেহই ছিল না।”
“আমি খুব বেশি দিন তার সঙ্গে খেলিনি, কিন্তু যতদিন ছিলাম, ওর ব্যাটিং আমাকে বরাবরই মুগ্ধ করেছে। যতদূর মনে পড়ে, খুব বড় কোনো ইনিংস নয়, তবু ইংল্যান্ডের বিশ্বসেরা পেসারদের—ম্যাথু হগার্ড, অ্যান্ড্রু ফ্লিন্টফ, স্টিভেন হার্মিসন, সাইমন জোন্স— তাদের সামনে যে ছোট্ট ইনিংসটা খেলেছিল, তাতেই বোঝা গিয়েছিল ওর ব্যাটিংয়ের ধাঁচ। কয়েকটা দুর্দান্ত বাউন্ডারি এখনও চোখে লেগে আছে।”
“ওই বয়স থেকেই মুশফিক নিয়ম করে, হিসেব করে খাওয়াদাওয়া করত। আজও খাবার টেবিলে তার খাবারের মেন্যু দেখে মুগ্ধ হই। এই বয়সেও নিজেকে এমনভাবে ফিট রাখা—এটা সত্যিই অনুসরণযোগ্য।”
“মুশফিকের শুরুর সময়টাতেও ছিলাম, আর এখন দলের ম্যানেজার হিসেবে শততম টেস্টে তার পাশে আছি—এটা আমার জন্য বিশেষ আনন্দের। সে আমাদের কাছে নির্ভরতার প্রতীক। শততম টেস্টে ও মাঠে নামছে, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও গর্ব। তার জন্য রইল শুভকামনা। চাওযা থাকবে, অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচটাও সে মন ভরে উপভোগ করুক।”
মোহাম্মদ আশরাফুল
“আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যে মুশফিকের অভিষেকের সময় লর্ডসে আমি ড্রেসিং রুমে ছিলাম, আর এখন তার ৯৯তম ও ১০০তম টেস্টেও আমি আবার সঙ্গে আছি। একই খেলোয়াড়ের ক্যারিয়ারের এমন দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হওয়া বিরল সৌভাগ্য আমার জন্য।”
“মুশফিককে আমি ছোটবেলা থেকে দেখেছি। বাংলাদেশের ক্রিকেটে এমন ধারাবাহিকতা খুব কম দেখা যায়, আর এটা সম্ভব হয়েছে শুধু একটি কারণে—তার অতুলনীয় শৃঙ্খলা। বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কোনো সহজ কথা নয়। যারা খেলছে বা সামনে খেলবে, তাদের সত্যিই মুশফিককে রোল মডেল হিসেবে দেখা উচিত। খাবার, ঘুম, ফিটনেস, অনুশীলন—প্রতিটা জায়গায় ওর শৃঙ্খলা ছিল নিখুঁত, আর সেটাই তাকে আজকের অবস্থানে এনেছে।”
“বাংলাদেশের তিন ফরম্যাটে নেতৃত্ব দিয়েছে সে। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও মুশফিক। ২০১৩ সালের পর থেকে যখনই সেঞ্চুরি করেছে, সেটা বেশিরভাগ সময়ই বড় ইনিংসে রূপ নিয়েছে। এখনো দারুণ ফর্মে আছে; জাতীয় লিগেও শতক করেছে সবশেষ ম্যাচটাতে।”
“আশা করি, মিরপুরে শততম টেস্টে আরেকটা স্মরণীয় ইনিংস খেলবে। ঐতিহাসিক ম্যাচটাও রাঙাবে। আমার মনে হয়, মুশফিকের মতো ক্রিকেটারের জন্য শুধু স্টেডিয়ামে একটা স্ট্যান্ড নয়—এর চেয়েও বড় কিছু থাকা উচিত। এমন ক্রিকেটাররা দেশের ক্রিকেটের পরিচয়।”
মোহাম্মদ রফিক
“মুশফিক যখন জাতীয় দলে এলো, একদম ছোট্ট ছিল। কিন্তু এত বছর ধরে যেভাবে নিজের খেলা গড়ে তুলেছে, তাতে আজ যে জায়গায় দাঁড়িয়েছে, এটা তার কঠোর পরিশ্রমের ফসল। বাংলাদেশের মতো দেশে শততম টেস্টের সামনে দাঁড়ানো নিজে থেকেই এক বিশেষ অর্জন। এটা কাউকে উপহার দিয়ে দেওয়া হয়নি, মুশফিক নিজের যোগ্যতায় নিয়েছে। ভালো খেলেছে বলেই এত ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।”
“অনেক ক্রিকেটার উঠে এসেছে, আবার হারিয়েও গেছে। ক্যারিয়ার টিকে থাকে তখনই, যখন ম্যাচ খেলতে খেলতে অভিজ্ঞতা বাড়ে আর সেই অভিজ্ঞতা পারফরম্যান্সে রূপ নেয়। মুশফিক ঠিক এ পথেই এগিয়েছে। নিজের ধৈর্য, শৃঙ্খলা আর মনোযোগ দিয়ে প্রতিটা ম্যাচে নিজেকে আরও ভালো করেছে। এসব গুণ না থাকলে কেউ এত দূর যেতে পারে না।”
“আমার মনে হয়, সুযোগ পেলে ও আরও বেশি টেস্ট খেলতে পারত। আমাদের সময়ে বছরে এক-দুইটা টেস্টও অনেক সময় হয়নি। যদি তখনকার মতো সীমিত ম্যাচ না হতো, তাহলে অনেক আগেই ওর একশ টেস্ট হয়ে যেত। তারপরও দারুণ ব্যাপার হলো—বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক শততম টেস্টে নামবে। এটা শুধু মুশফিকের সাফল্য নয়, আমাদের ক্রিকেটেরও গর্ব। তাকে অভিনন্দন।”
খালেদ মাসুদ
“মুশফিককে প্রথম দেখার স্মৃতিটা আজও একদম পরিষ্কার। বয়সে ছোট, গড়নে সরু, কিন্তু চোখে এমন একটা তীব্রতা ছিল, যা বুঝিয়ে দিত—এই ছেলেটার ভেতরে কিছু আলাদা আছে। নেটে যতবার দেখেছি, মনে হয়েছে ও নিজের সঙ্গে লড়াই করছে। এক বল মিস করলে পরের বলেই ঠিক করতে চায়। ব্যাটিং, কিপিং, ফিটনেস—যে জায়গাই হোক, ওর অনুশীলনে কখনও ঢিলেমি দেখিনি।”
“মুশফিকের সবচেয়ে বড় সম্পদ তার মানসিক শক্তি। আমরা অনেক ম্যাচে দেখেছি, চাপ বাড়ছে, ড্রেসিং রুমে সবার মনে অস্থিরতা কিন্তু ওর মুখে সেই শান্ত, দৃঢ় অভিব্যক্তি। যেন বলছে, ‘আছি, চিন্তা নেই।’ খুব কম ক্রিকেটারের মধ্যে এটা পাওয়া যায়—যে শুধু নিজের জন্য নয়, পুরো দলের আত্মবিশ্বাসও টেনে তোলে।”
“আরেকটা দিক আমাকে বরাবরই মুগ্ধ করেছে, তার পেশাদারিত্ব। খেলার বাইরে নানা প্রলোভন থাকে, কিন্তু মুশফিকের জীবনে সেগুলোর জায়গা নেই। খাবার, বিশ্রাম, ট্রেনিং—সবই এক নিখুঁত ছকে চলে। নতুনরা যখন আমার কাছে শেখার কথা বলে, প্রথম উদাহরণ হিসেবেই মুশফিকের কথা বলি।”
“শততম টেস্ট একটা সংখ্যার ঘটনা নয়। এটা বলে দেয়, মুশফিক কতটা নিবেদিত, কতটা স্থায়ী শক্তি হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটে। তাকে দেখে বোঝা যায়, অধ্যবসায় আর ইচ্ছাশক্তি মিললে কীভাবে একজন ক্রিকেটার সময়ের পরীক্ষায় টিকে থাকে।”
আনোয়ার হোসেন মনির
“মুশফিকের সঙ্গে লর্ডস টেস্ট খেলেছি—এটা আমার জন্য বড় গর্ব। আমার সঙ্গে খেলেছে যে ছেলেটা, সে এখন শততম টেস্টে নামবে, ভাবলেও এখনও ভালো লাগে। শুরু থেকেই মুশফিক ভীষণ ভদ্র, শান্ত স্বভাবের। ক্রিকেটকে সে জীবনের সঙ্গে এমনভাবে মিশিয়ে নিয়েছিল যে বুঝে যাওয়া যায়, এই খেলাটাই তার সবকিছু।”
“এখন আমি বয়সভিত্তিক দলে কোচ হিসেবে কাজ করি। সেখানে সব ক্রিকেটারদেরই মুশফিকের উদাহরণ দিই। তার মানসিকতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা—একজন আদর্শ ক্রিকেটারের যত গুণ, ওর মধ্যে সবই আছে। মাঠে মুশফিক যে স্পোর্টসম্যানশিপ দেখায়, তাও তরুণদের জন্য শেখার মতো। যে কেউ বড় ক্রিকেটার হতে চাইলে, আমি সবসময় একটা কথাই বলি—‘মুশফিকের মতো হতে শেখো।”
