২০ মাস পর ফিরেই ম্যাচসেরা উড, অনায়াস জয়ে সিরিজ ইংল্যান্ডের
দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় দুইশ রানের লক্ষ্য তাড়ায় ৯ বল বাকি থাকতে জিতেছে ইংল্যান্ড।
ম্যাচের প্রথম বলে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানলেন লম্বা সময় পর ইংল্যান্ডের হয়ে খেলতে নামা লুক উড। সেই ধাক্কা সামাল দিয়ে অবশ্য লড়ার মতো পুঁজিই গড়ল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানদের সম্মিলিত পারফরম্যান্সে দুইশ কাছাকাছি লক্ষ্য অনায়াসে তাড়া করে ফেলল ইংলিশরা।
ব্রিস্টলে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয় ৪ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রান তারা পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতে।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২১ রানে জিতেছিল তারা।
ইংল্যান্ডের জার্সিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে সবশেষ ম্যাচ খেলেছিলেন উড। ২০ মাস পর জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে নেমে দারুণ বোলিংয়ে ২৫ রান খরচায় ২ শিকার ধরলেন তিনি। জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচে ফিফটি আসেনি একটিও। সর্বোচ্চ ৪৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেছেন তার সতীর্থ জনসন চার্লস ও ইংল্যান্ডের জস বাটলার।
নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নেমে প্রথম বলটি ইয়র্কার করেন উড। জবাব দিতে পারেননি এভিন লুইস, ফিরে যান এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
ক্যারিবিয়ানদের কক্ষপথে রাখেন চার্লস ও হোপ। তাদের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আদিল রাশিদের বলে হোপকে স্টাম্পিং করে ৬৬ বল স্থায়ী ৯০ রানের জুটি ভাঙে বাটলার।
৪টি ছক্কা ও ২টি চারে ৩৮ বলে ৪৯ রান করেন হোপ। শেরফেইন রাদারফোর্ডকে টিকতে দেননি জ্যাকব বেথেল। নিজের তৃতীয় ওভার করতে এসে তিনটি করে ছক্কা-চারে ৩৯ বলে ৪৭ রান করা চার্লসের স্টাম্প ভেঙে দেন উড।
সপ্তদশ ওভারে ডাসনকে তিনটি চার ও একটি ছক্কা মারেন রভম্যান পাওয়েল। কার্সকে ছক্কার মারার পরের বলে উডের চমৎকার ক্যাচে বাজে তার বিদায় ঘন্টা। ২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩৪ রান করেন তিনি।
জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড মিলে আদিল রাশিদের ওপর ঝড় বইয়ে দেন। ইংলিশ লেগ স্পিনারের প্রথম তিন বলে ছক্কা মারেন হোল্ডার, শেষ দুই বলে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলেন শেফার্ড।
ওভারটি থেকে আসে ৩১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংলিশ বোলারদের মধ্যে যা দ্বিতীয় খরুচে ওভার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৩৬ রান দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তাকে ৬টি ছক্কা মেরেছিলেন ভারতের ইউভরাজ সিং।
ইনিংসের শেষ শেষ ওভারে উডকে দুটি চার মারেন হোল্ডার। ৩ ছক্কা ও ২ চারে ৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
বড় রান তাড়ায় দ্বিতীয় ওভারে জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। তবে দলকে চাপে পড়তে দেননি বেন ডাকেট ও বাটলার। তাদের ব্যাটে সচল থাকে ইংলিশদের রানের চাকা। পাওয়ার প্লেতে ৫৮ রান করে দলটি।
শেফার্ডের বলে বাউন্ডারিতে ধরা পড়েন ১ ছক্কা ও ৪টি চারে ১৮ বলে ৩০ রান করে ডাকেট। ভাঙে ৩৭ বল স্থায়ী ৬৩ রানের জুটি। এরপর ব্রুককে নিয়ে দলকে টানেন বাটলার।
পরপর দুই ওভারে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। আগের ম্যাচে ৯৬ রান করা বাটলারকে এবার ৪৭ রানে থামান আকিল হোসেন। দুটি করে ছক্কা-চারে ৩৪ রান করেন ব্রুক।
ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ শুরু করেন জ্যাকব বেথেল ও টম ব্যান্টন। মুখোমুখি দ্বিতীয় বলে চার মারেন বেথেল, প্রথম বলে ছক্কায় ওড়ান ব্যান্টন। পরে গুডাকেশ মোটিকে চার ও ছক্কায় ওড়ান ব্যান্টন।
আলজারি জোসেফের ওভারের তিনটি ছক্কা মারেন বেথেল। ওভারের শেষ বলে বিদায় নেন তিনি চারটি ছক্কা ও এক চারে ১০ বলে ২৬ রান করে।
এরপর উইল জ্যাকসকেও হারায় ইংল্যান্ড। একপ্রান্তে রানের গতি মন্থর হতে দেননি ব্যান্টন। ২ ছক্কা ও ৩ চারে ১১ বলে ৩০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার, সাউথ্যাম্পটনে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৬/৬ (লুইস ০, চার্লস ৪৭, হোপ ৪৯, রাদারফোর্ড ৬, পাওয়েল ৩৪, শেফার্ড ১৯, হোল্ডার ২৯*, চেইস ৬*; উড ৪-০-২৫-২, ডসন ৪-০-৪৩-০, কার্স ৪-০-৪২-১, বেথেল ৩-০-২৪-১, রাশিদ ৪-০-৫৯-১, জ্যাকস ১-০-২-০)
ইংল্যান্ড: ১৮.৩ ওভারে ১৯৯/৬ (স্মিথ ৪, ডাকেট ৩০, বাটলার ৪৭, ব্রুক ৩৪, বেথেল ২৬, ব্যান্টন ৩০*, জ্যাকস ৭, কার্স ৬*; আকিল ৪-০-৩৩-১, হোল্ডার ৩.৩-০-৩০-১, শেফার্ড ৩-০-৪২-১, জোসেফ ৪-০-৪৫-২, মোটি ৩-০-২৮-০, চেইস ১-০-১৫-১)
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লুক উড
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড
