২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ’ করায় স্যামসনের শাস্তি

রাজস্থান রয়্যালস অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 03:26 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

আইপিএলের আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন সাঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার আচরণবিধির ২.৮ ধারা ভাঙার দায়ে পরদিন স্যামসনের শাস্তির কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। কী কারণে এই শাস্তি বিবৃতিতে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি।

আইপিএলের আচরণবিধির ২.৮ ধারায় বলা হয়েছে, ‘আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত, স্পষ্ট হতাশা প্রকাশ করা; খেলা পুনরায় শুরু করতে বা উইকেট ছাড়ার ক্ষেত্রে সুস্পষ্টভাবে দেরি করা; টিভি আম্পায়ারের কাছে পুনরায় যাচাই করার অনুরোধ করা এবং আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে তর্ক করা বা দীর্ঘ আলোচনা করা।’

দিল্লির ২২১ রান তাড়ায় আউট হওয়ার পর স্যামসনকে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেকটা সময় ক্রিজে দাঁড়িয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে।

ঘটনাটি ঘটে রাজস্থানের রান তাড়ার ১৬তম ওভারে। মুকেশ কুমারের চতুর্থ ডেলিভারিটি উড়িয়ে মারেন স্যামসন। স্লোয়ার বলে টাইমিং করতে পারেননি ঠিকঠাক। লং-অনে বল মুঠোয় জমান শেই হোপ।

বাউন্ডারি লাইনের একেবারেই কাছে ছিলেন হোপ। তার পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা, ক্যাচটি ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেন মাঠের আম্পায়ার। রিপ্লে দেখে স্যামসনকে আউট নেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠের আম্পায়ারদের সঙ্গে অনেকটা সময় কথা বলতে দেখা যায় স্যামসনকে।

৬ ছক্কা ও ৮ চারে ৪৬ বলে ৮৬ রান করা স্যামসনের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজস্থান। ম্যাচটি তারা হেরে যায় ২০ রানে।