২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাহমুদউল্লাহকে ছাড়িয়ে রাভিন্দ্রা, আরও যত রেকর্ড-অর্জন

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রাচিন রাভিন্দ্রার স্বপ্নযাত্রা চলছেই।

মাহমুদউল্লাহকে ছাড়িয়ে রাভিন্দ্রা, আরও যত রেকর্ড-অর্জন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর রাচিন রাভিন্দ্রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট মানেই রাচিন রাভিন্দ্রার ব্যাটে রানের জোয়ার। নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান আরও একটি সেঞ্চুরি করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির ওয়ানডে আসরে তার সেঞ্চুরি হয়ে গেল পাঁচটি। নাম উঠে গেল তার বেশ কিছু রেকর্ড-অর্জনে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রাভিন্দ্রা। পরিসংখ্যানের আলোয় তুলে ধরা হলো তার কিছু কীর্তি।

অর্জন-১

রাভিন্দ্রার ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি হলো পাঁচটি, সবকটিই আইসিসি টুর্নামেন্টে। ২০২৩ বিশ্বকাপে করেছিলেন তিনটি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হলো দুটি। 

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরির সবগুলো আইসিসি টুর্নামেন্টে করা প্রথম ক্রিকেটার তিনিই।

রাভিন্দ্রা ছাড়িয়ে গেলেন বাংলাদেশের মাহমুদউল্লাহকে। এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের চার সেঞ্চুরির সবগুলো মাহমুদউল্লাহ করেছেন আইসিসি টুর্নামেন্টে- বিশ্বকাপে তিনটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি।

অর্জন-২

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড এখন রাভিন্দ্রার। এজন্য তার লাগল ১৩ ইনিংস। আগের রেকর্ডধারী, ভারতের শিখার ধাওয়ানের লেগেছিল ১৫ ইনিংস। ২০ ইনিংস করে লেগেছিল সৌরভ গাঙ্গুলি ও হার্শেল গিবসের। 

নিউ জিল্যান্ডের হয়ে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রাভিন্দ্রার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও। ৩৬ ইনিংসে চার সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন কেন উইলিয়ামসন, যিনি বুধবার সেঞ্চুরি করেন রাভিন্দার সঙ্গে একই ম্যাচে। ৩৫ ইনিংসে তিন সেঞ্চুরি নিয়ে তিনে আছেন ন্যাথান অ্যাস্টল।

অর্জন-৩

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি; দুটিতেই এক আসরে একাধিক সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার হলেন রাভিন্দ্রা।

প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন সাইদ আনোয়ার। ১৯৯৯ বিশ্বকাপ ও ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি করে সেঞ্চুরি করেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

২০০৩ বিশ্বকাপে তিনটি ও ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি সেঞ্চুরি করেন ভারতের সৌরভ গাঙ্গুলি। ২০১১ বিশ্বকাপ ও ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি করে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। ২০১৫ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি করে সেঞ্চুরি করেন শিখার ধাওয়ান।  

চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে একাধিক সেঞ্চুরি করা বিশ্বের অষ্টম ও নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান রাভিন্দ্রা। 

২০০৬ আসরে তিনটি সেঞ্চুরি করে চূড়ায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দুটি করে সেঞ্চুরি আছে সাইদ আনোয়ার (২০০০) সৌরভ গাঙ্গুলি (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থারাঙ্গা (২০০৬), শেন ওয়াটসন (২০০৯), শিখার ধাওয়ান (২০১৩) ও রাভিন্দ্রার।  

চূড়া-১

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১৩ ইনিংসে রাভিন্দ্রার রান এখন ৮০৪, গড় ৬৭। এখানে অন্তত ৭৫০ রান করা ৮০ ব্যাটসম্যানের মধ্যে সেরা গড় তারই। দ্বিতীয় সেরা গড় যৌথভাবে শিখার ধাওয়ান ও ভিরাট কোহলির, ৬৫.১৫।

ধাওয়ান ২০ ইনিংসে করেছেন এক হাজার ২৩৮ রান। ৫৩ ইনিংসে ২ হাজার ৫৪১ রান করেছেন কোহলি।

চূড়া-২

২৫ বা এর চেয়ে কম বয়সে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রাভিন্দ্রার (৫) চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। তিন সেঞ্চুরি করে এই তালিকায় দুইয়ে আছেন সাচিন টেন্ডুলকার। 

২৫ বা এর চেয়ে কম বয়সে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রাভিন্দ্রার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল টেন্ডুলকার। এক্ষেত্রে ১৬ ইনিংসে ৬৮.২১ গড়ে ৯৫৫ রান করেছেন তিনি। 

এই দুজন ছাড়া আর কেউ সাতশ রানও করতে পারেননি। ১৯ ইনিংসে ৬৭০ রান নিয়ে তিনে আছেন রিকি পন্টিং।