৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর বাবরের সেঞ্চুরি, পাকিস্তানের সিরিজ জয়
ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সাঈদ আনোয়ারের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করলেন বাবর আজম।
ততক্ষণে ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দলের সবাই। ৯৯ থেকে প্রামোদ মাদুশানের বল পুল করে লেগ সাইডে খেলে এক রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করলেন বাবর আজম। মুখে তার হাসি। হাঁটু গেঁড়ে বসে রইলেন কিছুক্ষণ, ব্যাট উঁচিয়ে ধরার পর দিলেন সিজদাহ। দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর।
এই তারকা ব্যাটসম্যানের ৮৩ ইনিংস আর ৮০৭ দিনের সেঞ্চুরি-খরা কাটানোর ম্যাচে বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের জয় ৮ উইকেটে। রাওয়ালপিন্ডিতে শুক্রবার ২৮৯ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
৮ চারে ১১৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন বাবর। ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।
ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সাঈদ আনোয়ারের সবচেয়ে বেশি ২০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন বাবর। এজন্য তার লাগল ১৩৬ ইনিংস, সাঈদ আনোয়ারের চেয়ে ১০৮টি কম।
ওয়ানডে ইতিহাসে বাবরের চেয়ে কম ইনিংসে ২০ সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দুজন- ভিরাট কোহলি (১৩৩) ও হাশিম আমলা (১০৮)।
ঘরের মাঠে বাবরের ওয়ানডে সেঞ্চুরি হলো ৮টি, যা পাকিস্তানের কারো সর্বোচ্চ। এখানে তিনি ছাড়িয়ে গেলেন মোহাম্মদ ইউসুফকে (৭)।
এই ম্যাচের আগে বাবরের সবশেষ সেঞ্চুরিটিও ছিল ওয়ানডেতে, ২০২৩ সালের অগাস্টে এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক।
ব্যাটিং সহায়ক উইকেটে শ্রীলঙ্কার সাত ব্যাটসম্যান ২০ ছুঁলেও পঞ্চাশে যেতে পারেন কেবল একজন। ছয় নম্বরে নেমে ২ চার ও এক ছক্কায় ৬৩ বলে ৫৪ রান করেন জানিথ লিয়ানাগে। ২৬ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পাকিস্তানের হয়ে বাবরের সেঞ্চুরি ছাড়া ফিফটি করেন ফাখার জামান (৯৩ বলে ৭৮) ও মোহাম্মদ রিজওয়ান (৫৪ বলে ৫১*)। বল হাতে বড় অবদান রাখেন আবরার আহমেদ। ১০ ওভারে ৪১ রানে ৩ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৫১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। তৃতীয় রানের চেষ্টায় রান আউটে কাটা পড়েন নিসাঙ্কা (৩১ বলে ২৪)। তিন ওভার পর আবরারের বলে স্টাম্পড হয়ে ফেরেন মিশারা (৩৯ বলে ২৭)।
আগের ম্যাচে শূন্য রানে ফেরা কুসাল মেন্ডিস এবার রানের দেখা পেলেও ইনিংস টেনে নিতে পারেননি (২৮ বলে ২০)। পরপর দুই ওভারে মেন্ডিস ও চারিথ আসালাঙ্কাকে বিদায় করেন আবরার।
৯৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়েন সাদিরা সামারাউইক্রামা ও লিয়ানাগে। দারুণ খেলতে থাকা সামারাউইক্রামাকে (৫২ বলে ৪২) বোল্ড করে দেন হারিস রউফ।
ষষ্ঠ উইকেটে ইনিংস সেরা ৭৩ রানের জুটিতে দলের স্কোর দুইশ পার করেন লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস। ২টি ছক্কা ও ৪টি চারে ৩৮ বলে ৪৪ রান করা কামিন্দুকে ফিরিয়ে দেন রউফ।
৫৬ বলে ফিফটির পর বেশিদূর যেতে পারেননি লিয়ানাগে। দুশমান্থ চামিরার দ্রুত বিদায়ের পর নবম উইকেটে মাদুশানের সঙ্গে ৩৪ বলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ২৮৮ পর্যন্ত নিয়ে যান হাসারাঙ্গা।
রান তাড়ায় ৫৯ বলে ৭৭ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন সাইম আইয়ুব ও ফাখার। ৫ চার ও এক ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে ফেরেন সাইম।
২০ ও ২৮ রানে ফাখারের ক্যাচ ফেলে শ্রীলঙ্কার ফিল্ডাররা, বারবার জীবন পেয়ে ফিফটি করেন তিনি ৬৬ বলে। দ্বিতীয় উইকেটে ফাখার ও বাবর মিলে গড়েন ১০০ রানের জুটি। আরেকবার ক্যাচ তুলে জীবন পেয়ে, পরের বলেই লিয়ানাগের দারুণ ক্যাচে ফেরেন ফাখার।
৬৮ বলে পঞ্চাশ ছুঁয়ে, রিজওয়ানের সঙ্গে জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন বাবর। জয় যখন ৬ রান দূরে, ১১৫ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাদের জুটিতে ১০৫ বলে আসে ১১২ রান।
একই মাঠে আগামী সোমবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৮/৮ (নিসাঙ্কা ২৪, মিশারা ২৭, কুসাল মেন্ডিস ২০, সামারাউইক্রামা ৪২, আসালাঙ্কা ৬, লিয়ানাগে ৫৪, কামিন্দু মেন্ডিস ৪৪, হাসারাঙ্গা ৩৭*, চামিরা ০, মাধুশান ১১*; নাসিম ১০-১-৬৩-০, রউফ ১০-০-৬৬-৩, ওয়াসিম ১০-০-৫০-১, আবরার ১০-০-৪১-৩, নাওয়াজ ৭-০-৪৪-০, সাইম ৩-০-১৫-০)
পাকিস্তান: ৪৮.২ ওভারে ২৮৯/২ (ফাখার ৭৮, সাইম ৩৩, বাবর ১০২*, রিজওয়ান ৫১*; আসিথা ৮.২-০-৬৬-০, মাদুশান ৮-০-৬২-০, চামিরা ১০-০-৫৮-২, আসালাঙ্কা ৬-০-৩৩-০, হাসারাঙ্গা ১০-০-৩৫-০, লিয়ানাগে ৪-০-১৩-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৬-০)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দ্বিতীয়টির পর ২-০তে এগিয়ে পাকিস্তান
ম্যান অব দা ম্যাচ: বাবর আজম
