২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে এনএসসির কমিটি

বিসিবির গত নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের স্বাধীন তদন্তের জন্য কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 05:01 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

বিসিবির গত নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযাগের স্বাধীন তদন্তের জন্য বিশেষ একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্য অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফারুক, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি অ্যাডমিন ও দক্ষিণ) ডিএমপি মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সালেহ আকরাম।

এই কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে বিসিবির নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করা, অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় বিসিবির গঠনতন্ত্র প্রযোজ্য আইন, বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব/সংস্থা থেকে ব্যাখ্যা গ্রহণ করা, অভিযোগসমূহের প্রেক্ষিতে কোনো অনিয়ম বা বিধিবহির্ভুত কার্যক্রম সংঘটিত হয়েছে কি না, তা নিরূপণ করা এবং ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাও জবাবহিদিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

এই কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে সংযুক্ত করতে পারবে। 

১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাখিল করতে বলা হয়েছে এই কমিটিকে।

বিসিবি নির্বাচনে অনিয়মের নানা কথা উল্লেখ করে গত রোববার এনএসসিতে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি জানায় ঢাকার ৫টি ক্লাব। পরে মঙ্গলবার একই অভিযোগে তদন্তের আবেদন করেন জেলা ও বিভাগীয় কোটার বেশ কয়েকজন কাউন্সিলর। এরপর এই কমিটি গঠন করা হলো।

গত অক্টোবরে বিসিবির এই নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ ও আপত্তি চলে আসছে নির্বাচনের আগে থেকেই। ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও পরে ‘সরকারের একটি অংশের’ প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক অধিনয়ক তামিম ইকবাল। নির্বাচনে সরকারের ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সরে দাঁড়ান আরও অনেকেই। 

এই বোর্ডকে অবৈধ দাবি করে গত মাস পাঁচ ধরেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে ঢাকার ৪৫টি ক্লাব।