ভারত-দক্ষিণ আফ্রিকা
Published : 08 Dec 2025, 05:27 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
রায়পুরে গত বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। চারদিন পর এসে সোমবার শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করেছে ভারত। মন্থর ওভার রেটের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ওই খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।
শুবমান গিলের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে ভিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ৩৫৮ রান করে ভারত। পরে এইডেন মার্করামের সেঞ্চুরিতে রান তাড়ার রেকর্ড গড়ে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।
পরে গত শনিবার প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।