দুই সেঞ্চুরিতে দ্বিতীয়বার মাস সেরা গিল
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার 'প্লেয়ার অব দা মান্থ' নির্বাচিত হন শুবমান গিল।
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে দারুণ সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন তিন অঙ্ক ছোঁয়া অসাধারণ ইনিংস। এর সৌজন্যে দ্বিতীয়বার পেলেন আইসিসি 'প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। নারী ক্রিকেটে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বছরজুড়েই দারুণ ছন্দে থাকা গিল। এবার স্বদেশি মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ডের দাভিদ মালানকে পেছনে ফেললেন তিনি।
সেপ্টেম্বরে খেলা ৮ ম্যাচে ৮০ গড়ে গিল করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে চমৎকার সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেন ৭৪ ও ১০৪ রান।
গত মাসে মেয়েদের ক্রিকেটে যে কোনো সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আতাপাত্তু। পরপর দুই ম্যাচে জেতেন সেরার স্বীকৃতি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩১ বলে ৫৫ রানের পর শেষটিতে ২৮ বলে ৪৪ রান করেন তিনি।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।
