Published : 11 Jun 2026, 09:35 PM
ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী আয়োজনে দেখা গেল না মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশ অধিনায়কের বদলে সেখানে দলের প্রতিনিধি সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটু পর দেখা গেল, মিরাজকে দেখা গেল বাইরে যেতে। একজন তাকে হাত ধরে সহায়তা করলেন অ্যাম্বুলেন্সে উঠতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ খুব একটা উপভোগ করতে পারেননি মিরাজ। ম্যাচের পর তাকে যেতে হয়েছে হাসপাতালে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের রান তাড়ায় জয়ের জন্য যখন প্রয়োজন ২৪ রান, তখন ন্যাথান এলিসের শর্ট বল ছোবল দেয় মিরাজের হেলমেটে। আঘাতটি তাকে নাড়িয়ে দেয় প্রবলভাবেই। মাঠে চিকিৎসা চলে কিছুক্ষণ। এক পর্যায়ে স্ট্রেচারও নেওয়া হয় তাকে মাঠের বাইরে আনার জন্য।
তবে মাঠ ছাড়েননি তিনি। একটু ধাতস্থ হয়ে আবার ব্যাটিং করেন। পরের ওভারেই তাওহিদ হৃদয় ছক্কা ও চার মারার পর মিরাজের ছক্কায় ম্যাচ জিতে যায় বাংলাদেশ। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরা দেয় সিরিজ জয়।
এরপর যেভাবে মাঠ ছেড়ে গেছেন তিনি, তাতে শঙ্কার জায়গা ছিল। তবে টিম ম্যানেজার নাফিস ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, দুর্ভাবনা খুব একটা নেই আপাতত।
“সবশেষ যখন ওর সঙ্গে কথা হয়েছে, তখন বেশ ভালোই ছিল ও। তেমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছে। তবে মাথায় আঘাত যেহেতু, স্ক্যান করানোই ভালো। এজন্যই হাসপাতালে নেওয়া হয়েছে।”
সিরিজের শেষ ম্যাচের আগে দুদিন সময় আছে। আগামী রোববার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে মিরাজের দল।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন, সতর্কতা হিসেবে মিরাজকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে হাসপাতালে।
মাথায় আঘাত লাগার পরও যেভাবে মিরাজ যেভাবে দলকে জিতিয়ে ফিরেছেন, ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেটির দারুণ প্রশংসা করলেন তাসকিন আহমেদ।
"ওকে ড্রেসিংরুমে দেখে এলাম, এখন কিছুটা বেটার। একটু মাথাটা ঘুরছে, ঠিক হয়ে যাবে। সে দারুণ কাজ করেছে চাপের মধ্যে। বল মাথায় লাগার পরও... কারণ চিন্তা করেছে, ও যদি ওই সময়ে বা্ইরে এসে পড়তো, নতুন ব্যাটসম্যান গিয়ে আরও চাপে ভুল পারত। কিন্তু হৃদয় আর মিরাজ শেষে দিকে ভালোভাবে শেষ করেছে।"