বিস্ফোরক ইনিংসে রাসেলের রেকর্ড ভাঙলেন আভিশেক
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছেন ভারতের ওপেনার।
ম্যাচের প্রথম ওভারের শেষ বলটি ছক্কায় উড়িয়ে ছুটলেন আভিশেক শার্মা। এরপর নিউ জিল্যান্ডের বোলারদের তুলাধুনা করে খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে গড়লেন দারুণ এক রেকর্ড।
নাগপুরে বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৪ রান করেন আভিশেক। তার ৩৫ বলের ইনিংসটি গড়া ৮টি ছক্কা ও ৫টি চারে।
ইনিংসটির পথে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের বাঁহাতি ওপেনার। পাঁচ হাজারের ক্লাবে পা দিতে তার লাগে দুই হাজার ৮৯৮ বল।
২০ ওভারের সংস্করণে আভিশেকের চেয়ে কম বলে পাঁচ হাজার রান করতে পারেননি কেউ। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের লেগেছিল দুই হাজার ৯৪২ বল।
