Published : 21 Jun 2026, 05:26 PM
জয়ের মঞ্চে আগের দিনই গড়ে রেখেছিল নিউ জিল্যান্ড। শেষ দিনে অবিশ্বাস্য কিছু করা লাগত ইংল্যান্ডের। কিন্তু তাদেরকে সেই সুযোগ দিলেন না ম্যাট হেনরি। তার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল স্বাগতিকরা। বড় জয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।
ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে রোববার ২৫৩ রানে জিতেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। লর্ডসে প্রথম টেস্টে ইংলিশরা জিতেছিল ১১৫ রানে।
কিউইদের জয়ের নায়ক হেনরি দ্বিতীয় ইনিংসে স্রেফ ২৯ রান দিয়ে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসেও ইংলিশদের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছিলেন এই পেসার। ৮০ রান দিয়ে ধরেছিলেন পাঁচ শিকার।
এক টেস্টে এই প্রথম ১০ উইকেটের স্বাদ পেলেন হেনরি। সেটাও আবার রেকর্ড গড়ে। ম্যাচে ১০৯ রান খরচায় ১১ উইকেট নেন তিনি। নিউ জিল্যান্ডের আর কেবল একজন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১ উইকেট নিতে পেরেছিলেন। ১৯৯৪ সালে লর্ডসে ১৬৯ রান দিয়ে ১১ শিকার ধরেছিলেন পেসার ডিওন ন্যাশ।
কিউইদের জয়ে অবদান কম নয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা গ্লেন ফিলিপস (১০০) ও দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের স্বাদ পাওয়া হেনরি নিকোলসের (১২১)।
৪৬৩ রানের লক্ষ্য তাড়ায়, ৫ উইকেটে ১৮২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা ইংল্যান্ডকে এক ঘণ্টাও টিকতে দেননি হেনরি। আগের দিন এক শিকার ধরা বোলার এদিন ইংলিশদের বাকি পাঁচ উইকেট একাই নিয়ে নেন। তার ছোবলে নতুন সকালে স্রেফ ১০.১ ওভারেই শেষ হয়ে যায় ইংলিশদের লড়াই।
নিউ জিল্যান্ডের জয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানো জো রুটকে দিনের তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন হেনরি। এলবিডব্লিউ হওয়ার আগে ৭৭ রান করেন ইংলিশ গ্রেট রুট। ৭৫ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
এক বল পর জফ্রা আর্চারের স্টাম্প ভেঙে দেন হেনরি। নিজের পরের ওভারে ধরেন জোড়া শিকার। ম্যাথু ফিশারকে বোল্ড করার পরের বলেই জশ টংকে বিদায় করে দেন তিনি। ফিশার ছিলেন টেস্টে তার ১৫০তম উইকেট।
পাঁচ ওভার পর সনি বেকারের স্টাম্প ভেঙে কিউইদের জয়ের আনন্দে ভাসান হেনরি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৯১
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯১
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৩৬২
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৩) ৫৮.১ ওভারে ২০৯ (আগের দিন ১৮২/৫) (রুট ৭৭, কক্স ২৫, আর্চার ০, ফিশার ০, টং ০, বেকার ০*; হেনরি ১৮.১-৬-২৯-৬, জেমিসন ১৯-৪-৬১-৩, ও’রোক ১০-২-৪৮-১, স্মিথ ৯-১-৪৮-০, রাভিন্দ্রা ২-০-১০-০)
ফল: নিউ জিল্যান্ড ২৫৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ম্যাট হেনরি