রেকর্ডের মালায় স্মৃতি মান্ধানার আরেকটি সেঞ্চুরি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলের সেঞ্চুরিতে কয়েকটি কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার।
রানের স্রোত বইছে স্মৃতি মান্ধানার ব্যাটে। আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে উপহার দিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। সঙ্গে নাম তুললেন রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।
দিল্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ উইমেন'স ওয়ানডে শনিবার রান তাড়ায় ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মান্ধানা। ৫ ছক্কা ও ১৭ চারে ৬৩ বলের ইনিংসটি সাজান ভারতের তারকা ওপেনার।
ওয়ানডেতে এটি মান্ধানার ত্রয়োদশ সেঞ্চুরি। সবগুলোই করেন তিনি ইনিংস শুরু করতে নেমে। এই সংস্করণে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন বাঁহাতি ব্যাটার।
নিউ চান্ডিগাড়ে গত বুধবার আগের ম্যাচে ১১৭ রান করে নিউ জিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের ট্যামি বাউমন্টের রেকর্ডে ভাগ বসান মান্ধানা। দুইদিন পর তাদের ছাড়িয়ে গেলেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।
মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেটসের (১৩টি) পাশে বসলেন মান্ধানা। রেকর্ডটি ছুঁতে আর কেবল দুটি সেঞ্চুরি চাই তার। সর্বোচ্চ ১৫টি শতক করে তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিং।
আরুন জেটলি স্টেডিয়ামে এদিন ৫০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন মান্ধানা। পুরুষ ও নারী মিলিয়েই ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে যা দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ভিরাট কোহলির। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়পুরে ৫২ বলে শতক ছুঁয়েছিলেন ভারতের এই ব্যাটিং গ্রেট।
মেয়েদের ওয়ানডেতে মান্ধানার এই সেঞ্চুরি দ্বিতীয় দ্রুততম। রেকর্ডটি অস্ট্রেলিয়ার ল্যানিংয়ের, ২০১২-১৩ মৌসুমে সিডনিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে তিন অঙ্কে পা রেখেছিলেন তিনি।
ভারতের হয়ে মেয়েদের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির নিজের রেকর্ড ভাঙলেন মান্ধানা। গত জানুয়ারিতে রাজকোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ৭০ বলের সেঞ্চুরি এতদিন ছিল রেকর্ড।
ভারতের জার্সিতে টানা দুটি ওয়ানডে সেঞ্চুরি করা একমাত্র নারী ক্রিকেটার মান্ধানা। গত বছরও টানা দুই শতক করেছিলেন তিনি।
পরপর দুই বছর ওয়ানডেতে চারটি সেঞ্চুরি করলেন মান্ধানা। এক পঞ্জিকাবর্ষে এখন পর্যন্ত যা সবচেয়ে বেশি। চলতি বছর চারটি সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসও।
মান্ধানার টর্নেডো সেঞ্চুরির আগে ৫৭ বলের শতকে অস্ট্রেলিয়াকে ৪১২ রানের রেকর্ড পুঁজি এনে দেন বেথ মুনি। সেই রান তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন মান্ধানা। মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন তিনি। পরে মেগান শুটকে হাঁকান টানা তিনটি চার।
আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলে পঞ্চাশে পা রাখেন মান্ধানা। ১৮তম ওভারে অ্যালানা কিংকে ছক্কায় উড়িয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান তিনি। কয়েক ওভার পর তার ঝড়ো ইনিংসের পথচলা থামে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়ে।
