২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন আমের জামাল

পুরোপুরি পেসনির্ভর স্কোয়াড থেকে এক ফাস্ট বোলারকে হারাল পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 02:51 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

পিঠের চোট থেকে যথাসময়ে সেরে উঠতে পারেননি আমের জামাল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাই তাকে সরিয়ে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই খবর জানায় পিসিবি। তার বদলি হিসেবে কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।

প্রাথমিকভাবে ফিটনেস প্রমাণ করা সাপেক্ষে ১৭ জনের স্কোয়াডে নেওয়া হয়েছিল জামালকে। কিন্তু সিরিজ শুরুর দুই দিন আগেও ফিট হতে পারেননি তিনি। তাই লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল থেকে এরই মধ্যে আবরার আহমেদ ও কামরান ঘুলামকে ছেড়ে দিয়েছে পিসিবি। এখন জামালও ছিটকে যাওয়ায় ১৪ জনের দলে পরিণত হলো পাকিস্তান।

একই মাঠে আগামী ৩০ তারিখ শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে অবশ্য যোগ দেবেন আবরার ও কামরান। এর আগে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে নেওয়া হয়েছে তাদের।

আবরারকে সরিয়ে নেওয়ার পর পুরোপুরি পেসনির্ভর হয়ে যায় পাকিস্তানের স্কোয়াড। জামাল ছিটকে যাওয়ায় কমল এক পেসার। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলির মধ্য থেকে পেস বিভাগ সাজাতে হবে স্বাগতিকদের।