২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএলে প্রথমবার পারভেজ, দল পেলেন নাহিদ

এক্সেলারেটেড রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের এই দুই তরুণ ক্রিকেটার।

পিএসএলে প্রথমবার পারভেজ, দল পেলেন নাহিদ
পারভেজ হোসেন (বাঁয়ে) ও নাহিদ রানা। ছবি: পিএসএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 11:35 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

রিশাদ হোসেনের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ও নাহিদ রানা। 

শুরুতে তাদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। পরে এক্সেলারেটেড রাউন্ডে ভিত্তিমূল‍্য ৬০ লাখ পাকিস্তানী রূপিতে দল পান দুই জনই।

টপ অর্ডার ব‍্যাটসম‍্যান পারভেজ প্রথমবার খেলবেন পিএসএলে। নিলাম থেকে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এবারই প্রথম দেশের বাইরের কোনো লিগে খেলবেন পারভেজ।

গতিময় পেসার নাহিদকে নিলাম থেকে ফের নিয়েছে পেশাওয়ার জালমি। গতবারও এই দলে ছিলেন তিনি। তবে কম্বিনেশনের জন‍্য সেবার কোনো ম‍্যাচ খেলা হয়নি তার। 

পিএসএলের ইতিহাসে এবারই প্রথম হয়েছে নিলাম। লাহোরে বুধবারের নিলামে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা দল না পেলেও, বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে তিন কোটি পাকিস্তানি রুপিতে দলে টানে টিম রাওয়ালপিন্ডি।

ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, বাঁহাতি এই পেসারকে চুক্তিবদ্ধ করার খবর জানায় পিএসএল। পরে লাহোর কালান্দার্স নিশ্চিত করে মুস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি দলে নেওয়ার কথা।