২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ওভারে ১২৩ রান দিয়ে ভারতীয় অলরাউন্ডারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

বিব্রতকর রেকর্ডটি গড়ার পাঁচ দিন পরই ‘মুক্তি’ পেলেন আরেক ভারতীয় ক্রিকেটার।

১০ ওভারে ১২৩ রান দিয়ে ভারতীয় অলরাউন্ডারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন আমান খান। ছবি: দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

আইপিএলের নিলামে ৪০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস দলে জায়গা পাওয়া আমান খান গড়লেন বিব্রতকর রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এখন এই ভারতীয় অলরাউন্ডারের। 

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে সোমবার ঝাড়খান্ডের বিপক্ষে ১০ ওভারে ১২৩ রান দেন পুদুচেরি অধিনায়ক আমান। একটি উইকেটও অবশ্য পান ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।

লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি গড়ার পাঁচ দিন পরই ‘মুক্তি’ পেলেন আরেক ভারতীয় ক্রিকেটার মিবোম মোসু। আরুনাচলের এই পেসার একই আসরে গত বুধবার বিহারের বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ১১৬ রান। 

ওই ম্যাচটি উল্লেখযোগ্য আরেকটি কারণে। বিহারের হয়ে ১৬ চার ও ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিস্ময়-বালক বৈভাব সুরিয়াভানশি। ১৪ বছর ২৭২ দিন বয়সে ইনিংসটি খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ‘বি’ গ্রাউন্ডে আমানের খরুচে বোলিংয়ের রেকর্ডের ম্যাচে ৭ উইকেটে ৩৬৮ রান করে ঝাড়খান্ড। পুদুচেরিকে ২৩৫ রানে থামিয়ে ম্যাচ জেতে তারা ১৩৩ রানের বড় ব্যবধানে।

২০২১ সালে আমানের লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় সৌরাষ্ট্রের হয়ে। পরে পুদুচেরিতে যোগ দেন তিনি। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তার। পরের আসরে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সম্প্রতি ২০২৬ আইপিএলের নিলামে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।