২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির প্রশ্ন, ‘তামিম অবসর নিয়েছে নাকি?’

জাতীয় ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তামিম ইকবালের উপস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্নই করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 07:00 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

প্রায় এক বছর ধরে জাতীয় দলে নেই তামিম ইকবাল। তবে নতুন বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটারদের আনুষ্ঠানিক বৈঠকে ছিলেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। তাই প্রশ্ন উঠছে, কোন পরিচয়ে ছিলেন তামিম? উত্তরে পাল্টা প্রশ্নই করেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

পাকিস্তান সফরে দারুণ নৈপুণ্য দেখানোর পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিজজয়ী ক্রিকেটাররা। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বোর্ড সভাপতির কক্ষে যান তারা।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিমদের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন ক্রিকেটারদের আগেই বিসিবি কার্যালয়ে যাওয়া সাবেক অধিনায়ক তামিমও। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন ফারুক।

গত বছরের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিমও কী কারণে ছিলেন ওই বৈঠকে, তা নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। দুই দিন পর বিসিবি সভাপতিই দিলেন এই প্রশ্নের উত্তর।

রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় সিরিজ জয়ের বোনাস হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকার চেক।

এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে করা বৈঠকের ব্যাপারে ধারণা দেন ফারুক।

“তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল- এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।”

“আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছিল তামিম)। সে অবসর নিয়েছে নাকি (হাসি)?”

এসময় বিসিবি সভাপতি জানান, বোনাস হিসেবে পাওয়া ৩ কোটি ২০ লাখ টাকার একটি অংশ সাম্প্রতিক বন্যা ও জুলাই-অগাস্টে হওয়া গণ-আন্দোলনে ক্ষতিগ্রস্তদের অনুদান হিসেবে দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।