মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা বললেন কোচ
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১০ ওয়ানডের ৯টিই হেরেছে বাংলাদেশ, তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আছে প্রশ্ন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনে এবার ছিল বিশেষ আয়োজন।। সিরিজ শুরুর আগের দিন শুক্রবার সকালে ঐতিহাসিক লালবাগ দুর্গে তিন ম্যাচের এই সিরিজের ট্রফির ঘোমটা তোলা হয় আকর্ষণীয় আয়োজনে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেখা যায় হাসিখুশি চেহারায়। অনেক ক্যামেরার সামনে তাকে ফুরফুরে মেজাজে দেখা যায় প্রতিপক্ষ অধিনায়ক শেই হোপের সঙ্গে।
তবে সময়টা তার জন্য এখন খুব স্বস্তির নয়। তার নেতৃত্বে মাত্রই আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে ফিরেছে দল। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে, এমনকি প্রশ্নবিদ্ধ হচ্ছে দলে তার জায়গাও। কোচ ফিল সিমন্সকে অবশ্য এখানে পাশেই পেলেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজ শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেশনে মিরাজকে খুব একটা খুব প্রাণবন্ত দেখা গেল না। বোলিং অনুশীলনে স্পিন কোচ মুশতাক আহমেদ এবং বিসিবির কোচ সোহেল ইসলাম পাশেই ছিলেন, মাঝে মাঝে মুহূর্তের জন্য কিছু কথা বললেন। ব্যাটিং অনুশীলনের আগে-পরে জাতীয় দলের নতুন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেল কয়েকবার। কিন্তু তার সেই চেনা স্বতস্ফূর্ত চেহারা যেন উধাও।
শুধু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিই নয়, আগের সিরিজে শ্রীলঙ্কাতেও তার নেতৃত্বে হেরেছে বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পেয়েছেন হোয়াইটওয়াশ হওয়ার স্বাদ। তার নেতৃত্বে ১০ ওয়ানডেতে বাংলাদেশের জয় স্রেফ একটি। ব্যাটে-বলে আধুনিক ওয়ানডে ক্রিকেটের দাবি তিনি কতটা মেটাতে পারছেন, প্রশ্ন উঠছে সেখানেও।
মিরাজের অধিনায়কত্ব নিয়ে সেই প্রশ্নের মুখোমুখি হতে হলো ফিল সিমন্সকেও। কোচ অবশ্য ভরসার হাতই রাখলেন অধিনায়কের কাঁধে।
‘‘আমার মতে মিরাজ ভালো অধিনায়ক। ২০০ রান বা ১৯৮ রান তাড়া করতে না পারা দিয়ে তো তার অধিনায়কত্ব বিচার করতে পারবেন না। তার অধিনায়কত্ব বিচার করতে হবে মাঠে থাকা অবস্থায় এবং আমি মনে করি, মাঠে তার অধিনায়কত্ব ভালোই হয়েছে। কিন্তু ম্যাচ জেতা তো ব্যাটসম্যানদের ওপরও নির্ভর করে। যদি ব্যাটসম্যানরা প্রয়োজনীয় রান তুলতে না পারে, তবে সমস্যায় পড়তে হয়। তাকে বিচার করতে হবে মাঠে, সেখানে সে ভালোই করছে। তবে জয়ের দিক থেকে বলা যায়, সেটি ভালো হয়নি।’’
