সিলেটে সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে উন্নতি জয় ও শান্তর
বোলারদের র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের প্রায় সবাই পিছিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বরাবরের মতো বুধবার প্রকাশ করেছে আইসিসি।
আইরিশদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে সিলেটে একমাত্র ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৭১ রানের ইনিংস খেলেন জয়। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসের সৌজন্যে ১৯ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে আছেন তিনি।
আর শান্ত ১৪টি চারে ঠিক ১০০ রান করেন, যা তার অষ্টম টেস্ট সেঞ্চুরি। চার ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন শান্ত। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে তিনিই সবার ওপরে।
ইনিংস ও ৪৭ রানে জয়ের ওই ম্যাচে ২৩ রান করা মুশফিকুর রহিমের অবনমন হয়েছে। ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে আছেন তিনি।
এদিন ঢাকায় শুরু সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিক।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রায় সবাই পিছিয়েছেন। দেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে। মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে ২৫ নম্বরে আছেন।
পিছিয়েছেন নাইম ইসলাম (এক ধাপ পিছিয়ে ৪১) ও তাসকিন আহমেদও (দুই ধাপ পিছিয়ে ৫৩)।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পরের ইনিংসে উইকেটশূন্য থাকা হাসান মাহমুদ তিন ধাপ এগিয়ে আছেন ৫০ নম্বরে।
বোলারদের শীর্ষস্থানে নেই কোনো পরিবর্তন, আগের মতোই আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ব্যাটসম্যানদের চূড়ায় ইংল্যান্ডের জো রুট।
আর অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
