২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় নাগালের বাইরে নাঈম, তাসকিনকে ছোঁয়ার চ্যালেঞ্জ খালেদের

এবারের বিপিএলে রানের তালিকায় সবাইকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে মোহাম্মদ নাঈম শেখ, উইকেট শিকারে তাসকিন আহমেদের রেকর্ডে চোখ রাখছেন খালেদ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 12:38 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

দলের জয়ের চেয়ে বড় প্রাপ্তি নেই। শিরোপার চেয়ে মধুর স্বাদ নেই। ফাইনালের আগে খুলনা টাইগার্সের বিদায়ে তাই নিশ্চয়ই মন ভার মোহাম্মদ নাঈম শেখের। তবে একটি ‘সান্ত্বনা পুরস্কার’ তার অপেক্ষায়। ফাইনালে অতি বিস্ময়কর কিছু না হলে এবারের বিপিএলে সর্বোচ্চ রানের পুরস্কারটি পাবেন এই ওপেনার।

উইকেটে শিকারের তালিকায় সবার ওপরে আছেন তাসকিন আহমেদ। তবে ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারলে দুর্বার রাজশাহীর পেসারকে ছোঁয়ার সুযোগ থাকবে চিটাগং কিংসের সৈয়দ খালেদ আহমেদের।

রানের ক্ষেত্রে সুযোগটি অবশ্য গ্রাহাম ক্লার্কেরও আছে। ফাইনালের দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তারই। তবে নাঈমের চেয়ে তিনি ১২৪ রানে পিছিয়ে। টি-টোয়েন্টিতে ১২৪-১২৫ রানের ইনিংস অসম্ভব কিছু নয়। এবারের বিপিএলেই তো একটি সেঞ্চুরি করেছেন ক্লার্ক। তবে এই ধরনের ইনিংস তো আর রোজ হয় না!

বোলারদের ৫-৬ উইকেট নেওয়াও তেমনি প্রতিদিন হয় না টি-টোয়েন্টিতে। দুর্দান্ত বোলিংই শুধু যথেষ্ট নয়, ভাগ্য এবং আরও অনেক কিছু পক্ষে থাকলেই কেবল হয়। তাসকিনকে স্পর্শ করতে খালেদের প্রয়োজন ফাইনালে ৫ উইকেটই।

প্লে-অফের আগে বিদায় নেওয়া রাজশাহীর হয়ে এবার ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএলে এক আসরে যা রেকর্ড। এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তিও গড়েছেন এই পথে। 

২০ উইকেট নিয়ে খালেদের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন রংপুর রাইডার্সের আকিফ জাভেদ ও ফরচুন বরিশালের ফাহিম আশরাফ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়ে ফাহিম ফিরে গেছেন পাকিস্তানে। আকিফের দল বাদ পড়ে গেছে এলিমিনেটর থেকে। তাসকিনকে ছোঁয়ার বা ছাড়ানোর বাস্তব সম্ভাবনা তাই আছে কেবল খালেদের। ১৭ উইকেট শিকারি খুশদিল শাহ ও আবু হায়দারও এখন আর টুর্নামেন্টে নেই।

খুলনার হয়ে নাঈম এবার করেছেন ১১ ইনিংসে ৫১১ রান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিপিএলে ৫০০ ছুঁয়েছেন তিনি।  দ্বিতীয় প্লে-অফে ১৯ রানে আউট হয়ে স্রেফ ৫ রানের জন্য স্পর্শ করতে পারেননি ২০২৩ আসরে নাজমুল হোসেন শান্তর রানকে। 

ফাইনালের আগে ৪৮৫ রান নিয়ে দুইয়ে আছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান, ৩৯২ রান নিয়ে তিনে 

রাজশাহীর এনামুল হক ও ৩৮৯ রান নিয়ে চারে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। তাদের সবার দল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

এরপরই আছেন ৩৮৭ রান করা ক্লার্ক। ফাইনালের দুই দলের মধ্যে ক্লার্কের পর সর্বোচ্চ রান তামিম ইকবালের (৩৫৯)। তবে গত আসরে ৪৯২ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া বরিশালের অধিনায়ক এবার ততটা ধারাবাহিকতা দেখাতে পারেননি। 

৩৫০ রান করা শামীম হোসেনও আছেন ফাইনালে। তবে তিনি যে জায়গায় ব্যাট করেন, সেখানে বড় ইনিংস খেলার সুযোগ নেই। বরং নিজের পজিশনে তিনি এবারের আসরে সেরাদের একজন। ফাইনালেও তার ব্যাটে তাকিয়ে থাকবে চিটাগং কিংস।