বিসিবি চাইলে অধিনায়কত্ব করতে ‘রাজি আছেন’ লিটন
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর লিটন দাস বললেন, বিসিবি দায়িত্ব দিলে নেতৃত্ব করতে প্রস্তুত তিনি।
নিকোলাস পুরান ক্রিজে যেতেই স্টাম্প মাইকে শোনা গেল, শেখ মেহেদি হাসানের উদ্দেশ্যে লিটন কুমার দাস বলছেন, ‘আড়াআড়ি খেলতে দে।’ যেই কথা সেই কাজ। তবে ওই ওভারে মেলেনি সাফল্য। পরের ওভারেও পরিকল্পনা অভিন্ন। প্রথম দফায় সফল পুরান। আড়াআড়ি শটে তিনি মারলেন বাউন্ডারি। জবাব দিতে সময় লাগেনি মেহেদির। পরের বলে একই শট খেলতে গিয়ে বোল্ড ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মেহেদিকে দেওয়া লিটনের পরামর্শটি মূলত পুরো সিরিজে তার চমৎকার অধিনায়কত্বের ছোট্ট একটি নমুনা। তিন ম্যাচেই উইকেটের পেছন থেকে নেতৃত্ব উজ্জ্বল ছিলেন লিটন। ব্যাট হাতে রান না পেলেও দল পরিচালনায় প্রশংসা কুড়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে তিনি বললেন, পূর্ণ মেয়াদেও দায়িত্ব পালন করতে তৈরি তিনি।
কুঁচকির চোটে এবারের ক্যারিবিয়ান সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টিতে এই দায়িত্ব দেওয়া হয় লিটনকে।
এই সংস্করণে প্রথমবার পুরো সিরিজের অধিনায়কত্ব পেয়ে নেতৃত্বে নজর কাড়েন লিটন। সিরিজে দলকে দারুণভাবে পরিচালনা করেন তিনি, বোলিং পরিবর্তন, মাঠ সাজানো থেকে শুরু করে চাপের সময় দলকে উজ্জীবিত রাখা কিংবা বোলারদের ছোট ছোট পরামর্শ দেওয়া- সব কিছুই ছিল চোখে পড়ার মতো।
চমৎকার অধিনায়কত্বের পরও অবশ্য নিশ্চিত নয়, শুধু এক সিরিজেই থমকে যাবে কিনা লিটনের নেতৃত্বের অধ্যায়। কারণ তার অধিনায়কত্ব কি শান্তর চোটের জন্য নাকি পূর্ণাঙ্গ কোনো মেয়াদে, সেটি স্পষ্ট করা হয়নি বিসিবির পক্ষ থেকে।
এই প্রসঙ্গে বিসিবির কোর্টেই বল ছেড়ে দিলেন লিটন। সিরিজ জেতার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের জন্য প্রস্তুত থাকার কথাও বললেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।
“অধিনায়কত্বের বিষয়ে আমি বলব, বিসিবি যদি দেয়, করতে রাজি আছি। এই বিষয়ে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। বোলাররা যদি খুব ভালো বল করে দেয়, উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা খুব সহজ।”
“আমাদের বোলাররা এখন জানে কার জন্য কেমন ফিল্ড সাজানো দরকার। তাই আমার কাজটা সহজ। মাঠে আমি হয়তো অনেক সিদ্ধান্ত নেই আমার এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে। বোলাররা যেভাবে তাদের স্কিলের প্রদর্শনী করছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।”
নেতৃত্বে লেটার মার্কস পেলেও মূল কাজ অর্থাৎ ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন লিটন। তিন ম্যাচে মোটে ১৭ রান করেন তিনি। শেষ ম্যাচে দারুণ শটে ৩টি বাউন্ডারি মারলেও বড় করতে পারেননি ইনিংস। মাত্র ১৪ রানে ধরেন ড্রেসিং রুমের পথ।
শুধু এই সিরিজ নয় অবশ্য, বছরজুড়েই সাদা বলের ক্রিকেটে ছন্দে নেই লিটন। ওয়ানডেতে পাঁচ ম্যাচে তার সংগ্রহ সাকুল্যে ৫ রান। আর টি-টোয়েন্টিতে ২০ ইনিংসে মাত্র ১৬.২৬ গড় ও ১০০.৬৫ স্ট্রাইক রেটে তিনি করেন ৩০৯ রান।
ব্যাট হাতে এই ছন্দহীনতা থেকে বের হতে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করার কথা বললেন লিটন।
“ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেতে আমি চেষ্টা করছি। যেহেতু তিন সংস্করণই খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছি। তিনি অনেক সহায়তা করছেন। স্যারের সঙ্গে সবার বোঝাপড়া অনেক ভালো। স্যার খুব ছোট থেকে সব ক্রিকেটারকে চেনেন। এটা মানসিকভাবে অনেক সাহায্য করছে। আমিও স্যারের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারব।”
বিদেশিদের নিয়ে সাজানো বাংলাদেশের কোচিং প্যানেলে সালাউদ্দিনই একমাত্র দেশি কোচ। তবে বর্তমান কোচিং স্টাফ বিশেষ করে নতুন প্রধান কোচ ফিল সিমন্সের কাজের আলাদা করে প্রশংসাই করলেন লিটন।
“কোচিং স্টাফের কথা বললে, সবাই অনেক ফ্রেন্ডলি। নতুন কোচের যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, উনি কখনও ক্রিকেটারদের ওপর চাপিয়ে দেন না। আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদেরও কথার মূল্য আছে। এ জিনিসটা তিনি গ্রহণ করেন।”
একইসঙ্গে কোচিং প্যানেলে সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ক্রিকেটারদের বাড়তি উপকারের কথাও জানান তিনি।
“সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম, আমরা বেশিরভাগই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি। সবাইকে চিনে। আলোচনা ভালো হচ্ছে ড্রেসিংরুমে। স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরনের কথা বলতে পারবেন। কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে।”
