টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলকে নারাইন
তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নিলেন এই রহস্য স্পিনার।
পাওয়ার প্লের শেষ ওভারে টম অ্যাবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন সুনিল নারাইন। সেই সঙ্গে একটি মাইলফলকে পৌঁছে গেলেন ওয়েস্ট ইন্ডিজের এই রহস্য স্পিনার। তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নিলেন তিনি।
আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন ৩৭ বছর বয়সী নারাইন। বুধবার শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে ৩৯ রানে জয় পাওয়া ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নিয়েছেন ১ উইকেট।
৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট আফগান লেগ স্পিনার রাশিদ খানের। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন ডোয়াইন ব্রাভো। তাদের সঙ্গী হলেন নারাইন। বিশ্বজুড়েই টি-টোয়েন্টি খেলেছেন তারা, নিজেদের ছাপ রেখেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও।
৫৬৮ ম্যাচে ৫৫৮ ইনিংসে ৬০০ উইকেট নিয়েছেন নারাইন। তার সেরা ১৯ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ওই একবারই, ১২ বার নিয়েছেন চার উইকেট। ওভার প্রতি দিয়েছেন কেবল ৬.১৬ রান। নারাইনের গড় ২২.০৯ ও স্ট্রাইক রেট ২১.৪।
এই তিনজন ছাড়া টি-টোয়েন্টিতে পাঁচশর বেশি উইকেট আছে কেবল ইমরান তাহির (৫৭০) ও সাকিব আল হাসানের (৫০৪)।
