ডিজিটাল আর্থিক সেবা বাড়াতে নগদ ও ইউসিবির চুক্তি
“এর ফলে ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে নগদ,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডিজিটাল আর্থিক সেবা সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে চুক্তি করেছে মোবাইলে আর্থিক সেবাদান কোম্পানি নগদ।
গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে বুধবার নগদরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির ফলে ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। এ প্রক্রিয়ায় প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
“একইসঙ্গে আগামীতে ইউসিবি ব্যাংকের যেকোনো ঋণ ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে।”
নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, “ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এই চুক্তি দুই পক্ষের গ্রাহকের নিত্যকার প্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। সমন্বিত এই প্রয়াসটি দেশের ক্যাশলেস অর্থনীতিকেও গতিশীল ও শক্তিশালী করবে।”
ইউসবিরি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিটেন্স পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদানে কৌশলগত অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং হেড অব রেমিটেন্স মো. এহসানুল হক বাশার, ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হোলসেল ব্যাংকিং) সুফিয়া আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এফআই অ্যান্ড ওবিইউ) ইউসুফ হাবিব, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (রেমিট্যান্স) মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
