১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ওয়ালটন হাই-টেকে ১৮০% নগদ লভ্যাংশ ঘোষণা

সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগে অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 10:26 PM

Updated : 15 Oct 2026, 10:26 PM

বিগত ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার ও ১৮০ শতাংশ নগদ লভ্যাংশে অনুমোদন দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয় বলে বৃহস্পতিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ‘আকর্ষণীয়’ এ লভ্যাংশ আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

এদিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সভায় পরিচালকদের প্রতিবেদন, পুনঃনিয়োগ ও ব্যবস্থাপনা পরিচালকের পুনঃনিয়োগ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স, চার্টাড সেক্রেটারি অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টের নিরীক্ষক পুনঃনিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগ অনুমোদন করা হয়।

পাশাপাশি ওয়ালটন হাই-টেকের রিলেটেড পার্টি ওয়ালটন প্লাজার সাথে ২০২৫-২৬ অর্থবছরের টার্নওভারের বিষয়টি অনুমোদন করা হয়।

সভায় প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।