এমজিআইয়ের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ২ লাখ চারা রোপণ
“সবুজায়নের এ উদ্যোগ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে,” বলেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল।
নিজেদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দুই লাখ গাছের চারা লাগানোর কথা জানিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও টেকসই শিল্পায়নের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে এসব চারা রোপণ করা হয় বলে শনিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) ১ অক্টোবর কুমিল্লার মেঘনা উপজেলার সোনাচরে কুমিল্লা ইকোনমিক জোনে বৃক্ষরোপণ করে।
কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি জুন এবং কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন কেবিসিসিআইয়ের উপদেষ্টা এবং এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল।
মোস্তফা কামাল বলেন, “আমাদের কোরিয়ান বন্ধু ও কেবিসিসিআইয়ের সদস্যদের এখানে পেয়ে আমরা সম্মানিত। সবুজায়নের এই উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“পরিবেশ, দেশ ও দেশের মানুষের প্রতি এমজিআইয়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এমজিআই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
কুমিল্লা ইকোনমিক জোনের পাশাপাশি এমজিআইয়ের আরও তিনটি ইকোনমিক জোন রয়েছে। এগুলো হলো মেঘনা ইকোনমিক জোন (এমইজেড), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং তিতাস ইকোনমিক জোন।
