ট্রাস্ট ব্যাংক চালু করল ‘ভিসা সিগনেচার প্লাস’ ক্রেডিট কার্ড
ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা ‘বিশেষ লাইফস্টাইল সুবিধা এবং উচ্চমূল্যের গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রণীত প্রিমিয়াম সুবিধা’ উপভোগ করতে পারবেন।
ট্রাস্ট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে।
ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত বৃহস্পতিবার ‘ভিসা সিগনেচার প্লাস’ ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন।
মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশেষ লাইফস্টাইল সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং উচ্চমূল্যের গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রণীত প্রিমিয়াম সুবিধাসমূহ, যা ট্রাস্ট ব্যাংকের বিশ্বমানের ব্যাংকিং সমাধান প্রদানের অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
ট্রাস্ট ব্যাংক বলছে, এই প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহককেন্দ্রিক সেবাকে ‘কৌশলগত অগ্রাধিকার হিসেবে’ আরও শক্তিশালী করা হয়েছে।
অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসবিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশব্যাপী ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
