২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৮ লাখের বেশি উপকারভোগী সরকারি অনুদান নিয়েছেন নগদের মাধ্যমে

নগদ বলেছে, “সহজে সেবা পাওয়া এবং মানুষের আস্থা বৃদ্ধি, নির্ভরতা ও গ্রহণযোগ্যতার কারণে এটি সম্ভব হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:19 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

বিভিন্ন সরকারি ভাতার ৭৮ লাখের বেশি উপকারভোগী ২০২৫-২০২৬ অর্থবছরে নগদের মাধ্যমে ভাতা গ্রহণ করেছেন। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, “সহজে সেবা পাওয়া এবং মানুষের আস্থা বৃদ্ধি, নির্ভরতা ও গ্রহণযোগ্যতার কারণে এটি সম্ভব হয়েছে।”  

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের ১ হাজার ৬৫০ কোটি টাকা উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ। 

এ বছর দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপকারভোগীর কাছে টাকা পাঠানোর সুযোগ থাকলেও নগদের মাধ্যমে দেশের ৬৪ জেলার উপকারভোগীরা ভাতা নিয়েছেন।

দেশের বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ লাখের বেশি উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন।

নগদ জানিয়েছে, এসব ভাতার মধ্যে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য মাসে ৯০০ টাকা, বয়স্কদের জন্য মাসিক ৬৫০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ৬৫০ টাকা করে ভাতা বিতরণ করেছে সরকার। 

নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক উপকারভোগী ভাতা গ্রহণ করেছেন। তিন লাখের বেশি উপকারভোগী প্রতিমাসে ৮৫০ টাকা করে ৩৬ মাসের (তিন বছর) ভাতা নিয়েছেন।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকের এই আস্থা আমাদের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে উৎসাহ দেবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক উপকারভোগী যাতে খুব সহজে, নিরাপদে তাদের প্রয়োজনে দ্রুততার সাথে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সেবা পেতে পারে, সেভাবে আমরা কাজ করছি।”