০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে ব্যাংকটির ব্যবস্থাপকদের ওপর পূর্ণ আস্থা ও ক্ষমতা দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 09:29 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার উদ্যোগে ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। 

গ্রাহকদের উদ্দেশ্যে জহির হোসেন বলেন, “ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক এর আমানতকারীরা। এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক হবে না, এটি হবে সর্বসাধারণের ব্যাংক। 

“ইসলামী ব্যাংকের শেয়ারের পরিমাণ মাত্র ৬৫০০ কোটি টাকা, অথচ গ্রাহকদের আমানত প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। শেয়ারের এই অনুপাত মোট আমানতের এক নগণ্য অংশ।” 

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকদের দক্ষ আখ্যায়িত করে তাদের ওপর পূর্ণ আস্থা ও ক্ষমতা দেওয়ার কথাও বলেন জহির হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) আলতাফ হুসাইন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন খাঁন। 

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার প্রধান মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ।