২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স গ্রাহকদের সচেতনতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

অংশগ্রহণকারীদের সামনে ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ ব্যাংক হিসাবের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ব্যাংকিং ও বিনিয়োগ বিষয়ে রেমিটেন্স গ্রাহকদের সচেতনতা বাড়াতে ছয় জেলায় কর্মশালা করেছে ব্র্যাক ব্যাংক।

সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট ও কুমিল্লায় এ আয়োজন করা হয় বলে রোববার ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমিটেন্সের ব্যবহার ও বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। 

উঠান বৈঠকের পাশাপাশি ব্যাংকের শাখা পর্যায়ে এ আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের সামনে ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। 

এমন উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ট্রেজারি ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের প্রধান মো. শাহীন ইকবাল বলেন, “আমাদের লক্ষ্য হলো, রেমিটেন্স গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ানো 

“এ লক্ষ্যে আমরা আমাদের ব্যাংকিং সেবাগুলো এমনভাবে সাজিয়েছি, যা একদিকে রেমিটেন্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখবে, অন্যদিকে গ্রাহকদের অবৈধ চ্যানেলের পরিবর্তে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেবে।”