তরুণ উদ্যোক্তা বিকাশে আরও ৩ বছর কাজ করবে অরেঞ্জ কর্নার্স
"নেদারল্যান্ডস তরুণ উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে গর্বিত,” বলেন ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
দেশের তরুণ উদ্যোক্তাদের বিকাশে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের নতুন কার্যক্রম ঘোষণা করেছে নেদারল্যান্ডস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক উদ্যোগ— অরেঞ্জ কর্নার্স।
গ্রামীণ টেলিকম ভবনে ওয়াই ওয়াই ভেঞ্চার্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে অরেঞ্জ কর্নার্স বাংলাদেশের কোহর্ট ৫ এর সমাপনী আয়োজন এবং কোহর্ট ৬ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াই ওয়াই ভেঞ্চার্সের বাস্তবায়নে আগামী তিন বছরে এই উদ্যোগটি বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য আরও নিবিড়ভাবে কাজ করবে।
পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ ও পরামর্শ সম্প্রসারণ এবং বিনিয়োগে প্রবেশাধিকার সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন পর্বের লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, বিনিয়োগযোগ্য ও দীর্ঘমেয়াদি ব্যবসা গড়ে তোলা, যা কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ ৭০টির বেশি প্রাথমিক পর্যায়ের উদ্যোগকে সহায়তা করেছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে সার্কুলার ইকোনমি, কৃষি, পানি, আইসিটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ. ই. জোরিস ভ্যান বোমেল বলেন, "নেদারল্যান্ডস এমন তরুণ উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে গর্বিত, যারা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক প্রভাব সৃষ্টি করছে।
"বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে তরুণ পরিবর্তনকারীদের সহায়তা কতটা গুরুত্বপূর্ণ, অরেঞ্জ কর্নার্স তার একটি অন্যতম উদাহরণ।"
