‘বন্ড লাইসেন্স ছাড়া আমদানিতে শুল্কমুক্ত সুবিধা’ নিয়ে কর্মশালা
ব্যবসাবান্ধব নীতিমালা, বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি, কর-শুল্ক সুবিধা নিয়ে কর্মশালায় আলোচনা হয়েছে।
‘বন্ড লাইসেন্স ছাড়াই কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধা’র সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্মশালা করেছে ‘কর্পোরেট একাডেমি’।
ঢাকার লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে এ কর্মশালায় ১৩০ শিল্প উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশ নেন বলে সোমবার কর্পোরেট একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এনবিআরের প্রথম সচিব (কাস্টমস মডার্নাইজেশন) তারিক হাসান কর্মশালা পরিচালনা করেন। সরকারের সাম্প্রতিক ব্যবসাবান্ধব নীতিমালা, বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি, কর-শুল্ক সুবিধা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “বর্তমান সরকারের এই উদ্যোগ শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা যাতে নতুন নীতির সুবিধা সঠিকভাবে বুঝে তা কাজে লাগাতে পারেন, সেই লক্ষ্যে কর্পোরেট একাডেমি এ ধরনের কর্মশালা আয়োজন করছে।”
সেশনে অংশগ্রহণকারীরা নতুন নীতিমালার কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, এবং কর প্রশাসনের সঙ্গে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে ধারণা পান।
