২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সূচকে উন্নতির আশা আইএফআইসি ব্যাংকের এজিএমে

সভায় নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য প্রস্তাব গ্রহণ করা হয়।

আর্থিক সূচকে উন্নতির আশা আইএফআইসি ব্যাংকের এজিএমে
আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:04 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৪ সালের আর্থিক বিবরণী অনুমোদনসহ বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সভায় ব্যাংকটি আগামী বছর বিভিন্ন আর্থিক সূচকে ঘুরে দাঁড়াবে বলে শেয়ারহোল্ডারদের আশ্বস্থ করেন ব্যাংকের চেয়ার‌ম্যান মো. মেহমুদ হোসেন।

বৃহস্পতিবার ঢাকার আর্মি গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য প্রস্তাবও গ্রহণ করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে ব্যাংকটি।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হকসহ শেয়ারহোল্ডাররা।

সভায় পরিচালক মুহাম্মদ মনজুরুল হক সভায় ভার্চুয়ালি অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

এসব প্রচেষ্টার ফলে ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স ও প্রধান আর্থিক সূচকে আগামী বছর ‘উল্লেখযোগ্য উন্নতি’ হবে।

ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা বলেন, ব্যাংক ইতোমধ্যে সুশাসন প্রতিষ্ঠা, দক্ষতা বাড়ানোর পাশাপাশি অংশীজনদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিয়েছে।