১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে ‘এসআইসিআইপি ক্যারিয়ার সেশন’

টেক্সটাইল ও পোশাক শিল্পে পেশাদারত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা দিতে এ আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 10:51 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

টেক্সটাইল ও পোশাক শিল্পে পেশাদারত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা দিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি-আইএসইউতে হয়ে গেল কর্মজীবনের পরামর্শ কর্মসূচি। 

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ পরিচালক এবং ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।

আইএসইউ কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর তত্ত্বাবধানে সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির অর্থায়নে আয়োজিত হয় এই ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ বা এসআইসিআইপি। 

এ কর্মসূচির মাধ্যমে প্রতিযোগিতামূলক টেক্সটাইল খাতে কর্মজীবনের পরিকল্পনা এবং চাকরি পাওয়ার জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।

বর্তমান শিল্প পরিস্থিতি এবং কর্মজীবনের বিকাশের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেপকো গ্লোবাল সোর্সিং ফুলি সান চায়না লিমিটেডের সিনিয়র মানবসম্পদ ব্যবস্থাপক (বাংলাদেশ ও ভারত) আসিফ হাসান রেহান।

আইএসইউ বলছে, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ক্যারিয়ারে সফল হতে হলে ডিগ্রি অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করেন বক্তারা। শিক্ষার্থীদের তারা বিশ্বমানের যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি বিষয়ে পারদর্শিতা এবং ব্যবসায়িক জ্ঞান অর্জনের পরামর্শ দেন। 

এছাড়া ভবিষ্যতের কর্মবাজারে নিজেকে প্রস্তুত রাখার জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।

আইএসইউ এর ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাসেম। 

আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী, সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিবসহ ১০০ প্রশিক্ষণার্থী এ অনুষ্ঠানে অংশ নেন।