চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম
চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে প্রায় ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিয়েছে শিল্পগ্রুপ কেএসআএম।
শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় দুই কোটি টাকা দামের চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়।
হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে এসব সরঞ্জাম তুলে দেন।
কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপ পরিচালক ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক কাজী সাইফুল আলম, কেএসআরএম উপ মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান,মোস্তফা আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।
আরিফ আহমদ বলেন, “দুই হাজার ২০০ বেডের হাসপাতালের যে বাজেট, তা অপ্রতুল। কেএসআরএমের এমন সহায়তায় রোগীদের অনেক উপকার হবে।”
মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “যে কোনো মানবিক কাজে কেএসআরএম আমাদের সারথি হয়ে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। অতিমূল্যবান এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মূহুর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে।”
জসিম উদ্দিন বলেন, “কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত মানবিক সহায়তার সহযাত্রী হয়ে। আমাদের নিরলস প্রচেষ্টা মানুষের পাশে থাকা। যে কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন কাজে আমাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।”
