কর্মজীবী মায়েদের পাশে রবির ‘ব্লুম’
'ব্লুম' চালুর আগে বিভিন্ন বিভাগে কর্মী সংকট মোকাবিলায় বিপাকে পড়তে হতো কোম্পানিটিকে।
কর্মীদের মতামত ও বৈশ্বিক উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে মাতৃত্বকালীন কর্মসূচি 'ব্লুম' চালু করার কথা জানিয়েছে রবি।
মোবাইল অপারেটরটি বলছে, এটি কেবলই মাতৃত্বকালীন কর্মসূচি নয়, সামগ্রিকভাবে কর্মীবান্ধব একটি উদ্যোগ।
“আমাদের সমাজে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সকল বাধা পেরিয়ে সফলভাবে কর্মজীবনে প্রবেশ করার পরও মাতৃত্বের সময় হোঁচট খেতে হয় অনেককেই।”
কোনো করপোরেট প্রতিষ্ঠান যদি কর্মস্থলে বৈচিত্র্যতা বজায় রাখতে চায়, তবে নারীদের মাতৃত্বের এ গুরুত্বপূর্ণ সময়টিতে সহায়তা জরুরি উল্লেখ করে রবি বলছে, “অর্থনৈতিক বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য ছয় মাস একজন গুরুত্বপূর্ণ কর্মীকে ছাড়া কাজ চালিয়ে যাওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ।
“এই বাস্তবতা বিবেচনায় রেখে রবি চালু করেছে 'ব্লুম' নামের একটি ব্যতিক্রমী মাতৃত্বকালীন কর্মসূচি। যা একদিকে যেমন মায়েদের জন্য দারুণ সহায়ক, অন্যদিকে কর্মী না থাকা স্বত্বেও প্রতিষ্ঠানটি সহজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।”
রবি জানায়, দুটি গুরুত্বপূর্ণ চাহিদা থেকে 'ব্লুম' এর সূচনা হয়। একদিকে মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে ফেরা নারীদের যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা মোকাবেলা করা, আর অন্যদিকে এই দীর্ঘ ছুটির সময়ও প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করা।
'ব্লুম' চালুর আগে বিভিন্ন বিভাগে কর্মী সংকট মোকাবিলায় বিপাকে পড়তে হতো। আবার ছুটি শেষে নারী কর্মীদের জন্য আগের ছন্দে ফিরে আসাটাও বেশ কঠিন হয়ে পড়তো। রবি এসব সমস্যার শুধু সমাধানই খুঁজে বের করেনি, বরং সেগুলোকে কৌশলগত সম্ভাবনায় রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে।
রবি'র টেকনোলজি ডিভিশনের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের পরিচালক মোহাম্মদ রোবায়াত আকরাম বলেন, "ব্লুম আমাদের কর্মরত মায়েদের পাশে থেকে উদীয়মান নেতৃত্বকে এগিয়ে আসার সুযোগ তৈরি করে। পাশপাশি প্রমাণ করে যে, সহানুভূতি আর ব্যবসায়িক ধারাবাহিকতা একসাথে চলতে পারে।
“ব্লুম কর্মসূচি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, কর্মীদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিষ্ঠান তাদের পাশে থাকতে চায়।"
'রিলিভার সিস্টেম'
বুলুম প্রোগ্রামের মূল আকর্ষণ হলো এর 'রিলিভার সিস্টেম'। বাইরের কাউকে হুট করে নিয়োগ না দিয়ে রবি প্রতিষ্ঠানের ভেতর থেকেই কর্মীদের মনোনীত ও প্রস্তুত করে, যাতে তারা মাতৃত্বকালীন ছুটিতে থাকা সহকর্মীর দায়িত্ব সাময়িকভাবে পালন করতে পারেন। এতে একদিকে যেমন টিমের কাজ চলতে থাকে আগের ধারায়, অন্যদিকে যিনি অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন তার জন্য তৈরি হয় দক্ষতা বাড়ানোর সুযোগ।
ব্লুম কর্মসূচির প্রথম সুবিধাভোগী তাকমিলা খোরশেদ বলেন, “ছুটিতে যাওয়ার দুই মাস আগেই আমার একজন সহকর্মীকে রিলিভার হিসেবে নির্ধারণ করা হয়। তিনি আমার সঙ্গে কাজ করে ধীরে ধীরে দায়িত্বগুলো বুঝে নেন। আমার লাইন ম্যানেজারের তত্ত্বাবধানে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াটি সুন্দর ও স্বচ্ছভাবে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই সম্পন্ন হয়।”
তাকমিলার রিলিভার প্রক্রিয়াটি তদারকি করেন সৈয়দ রাফিউর রহমান। তিনি বলেন, “বুলুম আমাদের হাতে একটি সুসংগঠিত কাঠামো তুলে দিয়েছে। রিলিভার আগেই তাকমিলার সঙ্গে কাজ করে দায়িত্ব বুঝে নিয়েছিলো। তবে সবচেয়ে ভালো লেগেছে পুরো প্রক্রিয়াটিই কারো জন্য চাপ তৈরি করেনি। বরং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে এটি সবার জন্যই সুবিধাজনক ছিলো।”
গড়ে তুলছে নেতৃত্ব
তাকমিলার রিলিভার হিসেবে দায়িত্ব নেওয়া মোহাম্মদ আশিকুর রহমান বলেন, "এর আগে যেসব প্রজেক্টে কাজ করার সুযোগ পাইনি, ব্লুম আমাকে সেসব পরিচালনার দায়িত্ব দিয়েছে। ক্যারিয়ারে অগ্রগতি শুধু পদোন্নয়নের মাধ্যমেই আসে না, এমন সুযোগও মানুষের ভেতরের সক্ষমতা বাড়িয়ে তোলে। ব্লুম আমাকে শেখার এবং বেড়ে ওঠার সেই জায়গাটি তৈরি করে দিয়েছে।”
কর্মজীবী মায়েদের পাশে দাঁড়ানো এবং রিলিভারদের নেতৃত্বের সুযোগ দেওয়াই ব্লুম'র আসল উদ্দেশ্য। এটি শুধু কাজের ধারাবাহিকতাই রক্ষা করে না, বরং প্রতিটি ধাপে নতুন সম্ভাবনা তৈরি করে বলেও জানায় রবি।
ফেরার পথও হয় সহজ
মাতৃত্বকালীন নীতিমালায় ছুটি পরবর্তী সময়কে অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেয়া হয় না। কিন্তু রবি এই বিষয়টিকে দেখেছে ভিন্নভাবে। নতুন মায়েদের কর্মস্থলে স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে সাহায্য করতে রবি রেখেছে দুই মাসের রিএন্ট্রি প্ল্যান এবং নমনীয় কাজের সুযোগ।
তাকমিলা নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ছয় মাস পর্যন্ত সপ্তাহে দু'দিন বাসা থেকে কাজের সুযোগ পাওয়ায় আমি সন্তানকে সময় দিতে পেরেছি। আবার কাজও ঠিক মতো করতে পেরেছি।”
সহানুভূতি ও বাস্তবতার মিশেলে গড়া এই উদ্যোগটি নিশ্চিত করে, কোনো মা যেন কর্মজীবনে ফিরে একা হয়ে না পড়েন। কোনো টিমও যাতে তার অনুপস্থিতিতে সমস্যায় না পড়ে।
সাংস্কৃতিক প্রতিশ্রুতি
ব্লুম প্রোগ্রামে আছে মানসিক স্বাস্থ্য সহায়তা, স্বাস্থ্য পরীক্ষার সুযোগ, স্তন্যদান কক্ষ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন।
রুবায়াত আকরাম বলেন, “আমাদের জন্য ব্লুম কেবল একটি প্রোগ্রাম নয়, এটি এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি যেখানে জীবনের প্রতিটি অধ্যায়ে মানুষ স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারে।”
রবি বলছে, ইতোমধ্যে 'ব্লুম' প্রমাণ করেছে এটি শুধু কর্মীদের মানসিক চাপ কমায় না; বরং কর্মজীবনের অগ্রগতি এবং অফিসের সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনে। ব্লুম'র সুচিন্তিত কাঠামো এমনভাবে গঠিত, যা কর্মব্যবস্থাকে বাড়তি চাপে না ফেলেই যে কোনো প্রতিষ্ঠানে অনুশীলনযোগ্য। সঠিক দৃষ্টিভঙ্গি, কাঠামো ও সংস্কৃতি থাকলে যেকোনো প্রতিষ্ঠানই এর মাধ্যমে গড়ে তুলতে পারে বৈচিত্র্যময় কর্মপরিবেশ।
আগের খবর:
