Published : 17 Dec 2025, 04:53 PM
ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান— এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।
প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদান রাখায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটি এ পুরস্কার পায় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ১২তম আইসিএসবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
এ বছর খাদ্য ও আনুষাঙ্গিক খাতে এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতে আরএফএল এই পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।
অনুষ্ঠানে এএমসিএল-প্রাণেন কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর।
আইসিএসবির সভাপতি হোসেন সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে চৌধুরী আতিয়ুর রাসুল বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাত সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপ কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৪টি খাতের ৪৩ প্রতিষ্ঠানকে আইসিএসবি পুরস্কৃত করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।