২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয়বার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালের জন্যও ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের দেশীয় কোম্পানি ওয়ালটন টানা তৃতীয়বারের মত ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পেয়েছে।

লন্ডনভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইড’ এর প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ স্বীকৃতি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ অনুষ্ঠানে ওয়ালটনকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সুপারব্র্যান্ডসের ট্রফি ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ওয়ালটন বলছে, “ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ স্বীকৃতি।”

এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালের জন্যও ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, “দীর্ঘ ৬ বছর ধরে সুপারব্র্যান্ডসের স্বীকৃতি ও মর্যাদা অর্জনে অসামান্য অবদান রেখেছে অগণিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা ও সমর্থন। এই সাফল্য ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক।”

এই স্বীকৃতি বৈশ্বিক ক্রেতাদের হাতে ‘উদ্ভাবনী, টেকসই ও পরিবেশবান্ধব’ প্রযুক্তিপণ্য তুলে দেওয়ার পাশাপাশি বিশ্বের নতুন নতুন দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে ‘আরও অনুপ্রাণিত করবে; বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টির বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের ‘আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের’ ভিত্তিতে সম্মাননা দিয়ে থাকে। 

এবারের আসরে ওয়ালটনসহ মোট ৪৯টি ব্র্যান্ড ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ সম্মাননা পেয়েছে।