Published : 23 Jan 2026, 12:35 AM
‘রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম’ (আরএএস) প্রযুক্তি ব্যবহার করে একটি মাছ চাষ প্রকল্প হাতে নিয়েছে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড ও অ্যাসেনটপ্ট অ্যাকুয়া।
প্রকল্প বাস্তবায়নে বৃহস্পতিবার ঢাকার বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে তাদের প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো ও ডেনমার্কভিত্তিক অ্যাসেনটপ্ট অ্যাকুয়া একটি সমঝোতা স্মারক সই করেছে।
প্রাণ-আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং অ্যাসেনটপ্ট অ্যাকুয়ার পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ইয়েনস্ ওলে ওলেসেন চুক্তিতে সই করেন।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, অ্যাসেনটপ্ট এর সহযোগী কোম্পানি মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, অ্যাসেনটপ্টের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে প্রকল্পটিতে মোট ৩০ মিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ প্রকল্পের অধীনে প্রধানত এশিয়ান সিবাস ও গ্রুপার, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ গ্রাম।