‘এআই অ্যান্ড আই’ কর্মসূচি গ্রামীণফোনের
নেটওয়ার্ক ব্যবস্থাপনা থেকে শুরু করে গ্রাহক সেবা ও বিপণন- সব কার্যক্রমে এআই যুক্ত করছে গ্রামীণফোন।
মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কর্মসূচি ‘এআই অ্যান্ড আই’ শুরু করেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, প্রতিষ্ঠানের ভেতরে এআইয়ের কার্যকরী সমন্বয়, দ্রুত বাস্তবায়ন ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এর লক্ষ্য। গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা ও কর্মীদের ক্ষমতায়নও এর উদ্দেশ্য।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “এআই অ্যান্ড আই অন্য সব কর্মসূচির মত নয়, এটি একটি অভিযাত্রার সূচনা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ শুধু এককভাবে এআইয়ের ওপর নির্ভর করছে না, বরং এআই ও ব্যক্তি মানুষের যুগপৎ কার্যক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
“এই উদ্যোগের মাধ্যমে আমাদের প্রত্যেক কর্মীর কাছে এআইয়ের সুবিধা পৌঁছে দেওয়া হবে। ফলে গ্রাহকদের আরও বুদ্ধিদীপ্ত, সহানুভূতিশীল ও প্রাসঙ্গিক সেবা প্রদানে সক্ষমতা বাড়বে আমাদের।”
তিনি বলেন, “গ্রামীণফোনে আমরা এআইকে শুধু একটি প্রযুক্তিগত রূপান্তর হিসেবে দেখি না। এটি মানবসম্পদেরও রূপান্তর। ‘এআই অ্যান্ড আই’ এর হাত ধরে গ্রাহকদের জন্য আরও স্মার্ট সেবা নিশ্চিত করব আমরা।”
নেটওয়ার্ক ব্যবস্থাপনা থেকে শুরু করে গ্রাহক সেবা ও বিপণন- সকল কার্যক্রমে এআই অন্তর্ভুক্ত করছে গ্রামীণফোন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
