এমএফএসের অপব্যবহার রোধে পুলিশ ও বিকাশের কর্মশালা
তিন মাসে সিলেট হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, লালমনিরহাট, সাতক্ষীরা ও সুনামগঞ্জে কর্মশালা হয়। এতে অংশ নেন প্রায় ৪০০ তদন্ত কর্মকর্তা, বলছে বিকাশ।
মোবাইল ফোনের আর্থিক সেবা— এমএফএস আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে সিলেটে কর্মশালা করেছে বাংলাদেশ পুলিশ ও বিকাশ।
স্থানীয় একটি হোটেলে সিলেট রেঞ্জ পুলিশের সঙ্গে দিনব্যাপী এ কর্মশালা হয় বলে বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, কর্মশালায় ৫০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
বিকাশের পক্ষে উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. মো. নজিবুর রহমান এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম।
বিকাশ বলছে, অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এসব কর্মশালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন মাসে সিলেটের পাশাপাশি হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, লালমনিরহাট, সাতক্ষীরা ও সুনামঞ্জে কর্মশালা হয়। এতে সাত জেলার ৪০০ তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।
