ঢাকায় হয়ে গেল ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’
“আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক এবং ওষুধ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া,” বলেন আরমান সিদ্দিকী।
দেশের বিভিন্ন প্রান্তের হাজারো শিক্ষার্থী, স্বাস্থ্য পেশাজীবী, উদ্যোক্তা ও চেঞ্জমেকারদের অংশগ্রহণে ঢাকায় হয়ে গেল ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’ শীর্ষক সম্মেলন।
শুক্রবার ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণ হেলথটেক।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়, এটি স্বপ্ন দেখার সাহস আর সীমানা ভাঙে নিজেকে ছাড়িয়ে যাবার অনুপ্রেরণার গল্প।
“আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক এবং ওষুধ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন পূরণের শক্তি আপনারা—যারা উদ্ভাবন করেন, বদল আনেন, আর নতুন সম্ভাবনা গড়ে তোলেন।”
এ আয়োজনে মূল বক্তাদের মধ্যে ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিক।
এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় ‘নেমেসিস’ ব্যান্ডের লাইভ পারফর্মেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।
আয়োজনে টাইটেল স্পন্সর ছিল ডিজিটাল হেলথকেয়ার ফ্ল্যাটফর্ম-সুখী। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করেছে।
