আইএফআইসি ব্যাংকের ৭৪ কর্মকর্তার পদোন্নতি
“দক্ষ ও উদ্যোমী মানবসম্পদই ব্যাংকের অগ্রযাত্রার প্রধান শক্তি,” বলেন এমডি মনসুর মোস্তফা।
‘টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায়’ আইএফআইসি ব্যাংকের ৭৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বছরের প্রথম দিন গেল বৃহস্পতিবার ঢাকার আইএফআইসি টাওয়ারে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ২৯ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতিপত্র হস্তান্তর করেন।
এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা এবং ওমান এক্সচেঞ্জ এলএলসি থেকে আরো ৪৫ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভার্চুয়ালি পদোন্নতিপত্র দেওয়া হয়।
এ সময় সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দক্ষ ও উদ্যমী মানবসম্পদই ব্যাংকের অগ্রযাত্রার প্রধান শক্তি।”
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ভবিষ্যতে আরো দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ব্যাংকের সাফল্য ও গ্রাহকসেবায় ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
