কেরানীগঞ্জে সাউথ টাউন প্রকল্পে চলছে বৈশাখী আবাসন মেলা
নববর্ষ উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের এই মেলায় ফ্ল্যাট ও প্লট কেনায় থাকছে বিশেষ ছাড়; দর্শনার্থীদের জন্য রয়েছে পান্তা-ইলিশসহ নানা আয়োজন।
ঢাকার কেরানীগঞ্জে নববর্ষের উৎসব ঘিরে শুরু হয়েছে পাঁচ দিনের ‘সাউথ টাউন বৈশাখী আবাসন মেলা’।
বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসির উদ্যোগে তাদের নিজস্ব আবাসন প্রকল্প ‘সাউথ টাউন’ এলাকায় এ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পয়লা বৈশাখ কেন্দ্র করে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এ আবাসন মেলা।
মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে নানা আয়োজন; এর মধ্যে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে।
মেলায় শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, চরকি, নৌকা, ঘুড়ি, দোলনা ও বিভিন্ন খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে।
মেলায় এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট সংক্রান্ত সব তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন ও ডকুমেন্টেশন সুবিধাও রাখা হয়েছে। পাশাপাশি নববর্ষ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় অবস্থিত সাউথ টাউন আবাসন প্রকল্পে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন।
কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) শামীম আহমেদ সিকদার, মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন, পরিচালক (সার্বিক) রেজাউল হক রেজা ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও প্রমোশন) গোপাল মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।
