আরএফএফআই চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
এ সেবাকে দেশের ‘প্রথম’ ও ‘অগ্রণী ট্রেড ফাইন্যান্স’ সমাধান হিসেবে দাবি করেছে ব্যাংকটি।
দেশের আর্থিক খাতে ‘এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস-ব্যাংকস (আরএফএফআই)’ নামে একটি সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
এ সেবাকে দেশের ‘প্রথম’ ও ‘অগ্রণী ট্রেড ফাইন্যান্স’ সমাধান হিসেবে দাবি করেছে ব্যাংকটি।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারত্বে শুরু করা এ উদ্যোগের মূল লক্ষ্য হল রপ্তানিকারকদের জন্য তারল্য বাড়ানোর মাধ্যমে বিলম্বিত এলসির (ঋণপত্র) আওতায় রপ্তানি আয় দ্রুত দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা।
এ উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের বৃহত্তর আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিদেশি ক্রেতা ব্যাংকগুলোর সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক হারে ‘রিসিভেবল ফাইন্যান্সিং’ সুবিধা প্রদান করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, আরএফএফআই এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক রপ্তানীকারকদেরকে বিল পরিশোধের নির্ধারিত সময়ের আগেই অর্থায়নের সুযোগ করে দেবে, যা তাদের নগদ প্রবাহ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করবে, পাশাপাশি তাদের টাকা পাওয়ার মোট সময়ও কমে আসবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেছে, তারা ইতোমধ্যে আন্তঃসীমান্ত সরবরাহকারী অর্থায়নের (ক্রস-বর্ডার সাপ্লায়ার ফাইন্যান্সিং) ক্ষেত্রে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহকারী ১২টি বৈশ্বিক ক্রেতার সঙ্গে কাজ করছে। সেই সাফল্যের ওপর ভিত্তি করে তৈরি এই নতুন উদ্যোগের মাধ্যমে সুসংগঠিত বাণিজ্য অর্থায়নের সুবিধাগুলো স্থানীয় সহযোগী ব্যাংকগুলোর কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা দেশের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গ্রাহক ব্যাংকগুলোর জন্য আন্তঃসীমান্ত আমদানি লেনদেনের সুবিধা প্রদান করে আসছি। আরএফএফআই চালুর মাধ্যমে, সেই সহায়তা রপ্তানি খাতেও বাড়াতে পেরে আমরা গর্বিত।
“ব্র্যাক ব্যাংক বহু বছর ধরে আমাদের বিশ্বস্ত অংশীদার এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান শাহীন ইকবাল বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে আমাদের এই উদ্যোগ রপ্তানিকারকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে এবং ব্যাংকিং খাতে উদ্ভাবন নিয়ে আসার লক্ষ্যে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
“স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক, বাজারজ্ঞান এবং গ্রাহকসেবার পরিধি একত্রিত করার মাধ্যমে, আমরা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নগদ অর্থ প্রবাহ বাড়াতে এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হব, যা বাংলাদেশের রপ্তানি খাতের আর্থিক শক্তিকে আরো বৃদ্ধি করবে।”
