Published : 12 Oct 2025, 08:17 PM
টাইলস কারখানার ফেলে দেওয়া কাদামাটি থেকে ‘পরিবেশবান্ধব চক’ বানানোর কথা বলেছে ডিবিএল সিরামিকস।
‘টাইলচক’ প্রকল্পের আওতায় এ চক বানানো হচ্ছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে টাইলস শিল্পও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তবে উৎপাদন প্রক্রিয়ায় তৈরি বর্জ্য কৃষিনির্ভর বাংলাদেশের জন্য ছিল বোঝা। দীর্ঘদিন ধরে কোম্পানিগুলোর কাছে এর কার্যকর ব্যবহার নিয়ে কোনো সমাধান ছিল না।
কোম্পানিটি বলছে, এমন প্রেক্ষাপটে বর্জ্যে থাকা উচ্চমাত্রায় ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে মানসম্মত ও নিরাপদ ব্ল্যাকবোর্ডের চক তৈরির বিষয়টি উদ্ভাবন করে ডিবিএল সিরামিকসের রিসার্চ অ্যান্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট টিম।
প্রায় ছয় মাসের গবেষণার মাধ্যমে তারা প্রথমবারের মতো বর্জ্য থেকে ‘পরিবেশবান্ধব ও উচ্চমানের সাশ্রয়ী চক’ উৎপাদনে সফল হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডিবিএল সিরামিকস বলছে, তারা স্থানীয় চক উৎপাদনকারীদের সঙ্গে কাজ করে প্রায় ১০ হাজার প্যাকেট চক তৈরি করেছে। ভাঙা টাইলস দিয়ে তৈরি করেছে টেকসই ও মজবুত স্লেটও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব শিক্ষাব্যবস্থা চালু রাখতে দেশের হাজারের বেশি স্কুল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই চক ও স্লেট বিতরণ করেছে ডিবিএল সিরামিকস।
ডিবিএল সিরামিকস অন্যান্য উৎপাদনকারীকে চক তৈরির এ ফর্মুলা সরবরাহ করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।