‘ডিপিসি আলোকচিত্র প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণী
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ‘চতুর্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার ‘ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব’ ও শিল্পকলা একাডেমির যৌথ এ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি এম ইউসুফ তুষার। সভাপতিত্ব করেন ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
এবারের প্রতিযোগিতায় ‘ডিপিসি গ্র্যান্ড ট্রফি’ জিতেছেন আলোকচিত্রী রাজীব রানা দাস। পেশায় তিনি ব্যাংকার।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেছেন যথাক্রমে খুলনার আলোকচিত্রী উজ্জ্বল কুন্ডু, দৈনিক ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গনি এবং আলোকচিত্রী মো. আমিনুল ইসলাম। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।
এ ছাড়া এ প্রতিযোগিতায় ক্যাটাগরিতে ‘বিপিএস গোল্ড মেডেল’ পেয়েছেন এস এম মোস্তাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, আনিসুর রহমান ও বিপুল আহমেদ।
‘বিপিএস সিলভার মেডেল’ পেয়েছেন এস এম মোস্তাফিজুর রহমান, তামিম ই মোহাম্মদ, তানভির আহমেদ আবির, রাজীব রানা দাস। বিপিএস ব্রোঞ্জ মেডেল পেয়েছেন বিপুল আহমেদ, সজীব কর্মকার, মো. অহিদুল হাসান, আহমেদ রাসেল।
প্রতিযোগিতায় ‘জুরি পুরস্কার’ অর্জন করেছেন মৌসুমী সিরাজ, বিপুল আহমেদ ও রেজওয়ানুল হক। এ ছাড়া ‘সেরা ক্লাব পুরস্কার’ জিতেছে চিত্রচিন্তা ফটোগ্রাফি সার্কেল।
এবারের প্রতিযোগিতায় দেশের ১৮৬ আলোকচিত্রীর মোট ৯০০টি ছবি জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত ১৩৫টি ছবি প্রদর্শনীতে স্থান পায় এবং বিভিন্ন বিভাগে মোট ১৯টি ছবিকে পুরস্কৃত করা হয়।
জাতীয় চিত্রশালার এক নম্বর গ্যালারিতে তিন দিনের এ প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত।
