২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্র্যাক ব্যাংক নারী হকি: রাজশাহী-দিনাজপুর অঞ্চলে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে এ টুর্নামেন্ট শুরু করে।।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে রাজশাহী-দিনাজপুর অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল।

গত রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দলটি রানার্সআপ রাজশাহীকে ৩-০ গোলে হারিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে।

গত ২ নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে এ টুর্নামেন্ট শুরু করে।

জেলা পর্যায়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের বাছাই করে দেশের নারী হকিকে ‘আরও উন্নত করতে’ ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) অংশ হিসেবে এ আয়োজনে অংশ নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুর জেলা নারী হকি দল খেলায় অংশ নিয়েছে। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলেছে। পরে এই অঞ্চলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ঠাকুরগাঁও জেলা দলের লিপা মোনালিসা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন একই দলের রাণী আক্তার রিয়ামনি।