Published : 12 Jun 2026, 04:07 PM
জনসচেতনতামূলক চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালন করার কথা জানিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।
বৃহস্পতিবার ঢাকার মাদানী অ্যাভেনিউয়ে হাসপাতাল প্রাঙ্গণে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে লিভার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বিষয়ক শিল্প কর্ম প্রদর্শন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান, সিএফবিও আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আজহারুল ইসলাম খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী ফ্যাটি লিভার রোগ অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে এর কারণ, জটিলতা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম।
“জনস্বাস্থ্যের এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল একটি চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়জন শিল্পী উপস্থিত ছিলেন।”
হসপিটালের এজিএম আরিফুল হক বলেন, “চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম।
“এই দুই ক্ষেত্রকে একত্রিত করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে কার্যকরীভাবে সচেতনতা বাড়াতে চেয়েছি।”